কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত লরির পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় একে একে চারটি যানবাহনের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে গুরুতর অবস্থায় আটজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গতকাল শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে দুইটার দিকে মহাসড়কের চান্দিনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলোর মধ্যে দুটি বাস, একটি লরি ও একটি মাইক্রোবাস রয়েছে। তবে এ ঘটনায় কেউ নিহত হননি।
প্রত্যক্ষদর্শী হানিফ মুন্সি জানান, চট্টগ্রামমুখী একটি চলন্ত লরির পেছনে সজোরে ধাক্কা দেয় ঢাকা থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী তিশা প্লাস পরিবহনের একটি বাস। এর পরপরই ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী বেঙ্গল পরিবহনের একটি দ্বিতল বাস ওই বাসটির পেছনে ধাক্কা দেয়। সবশেষে একই অভিমুখে চলাচলকারী একটি মাইক্রোবাস ওই দ্বিতল বাসের পেছনে ধাক্কা দেয়। চলন্ত অবস্থায় গাড়িগুলোর মধ্যে দূরত্ব খুব কম থাকায় পেছনের গাড়িগুলো নিয়ন্ত্রণ হারিয়ে একে একে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
দুর্ঘটনার পর মহাসড়কে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন। তাঁরা দুর্ঘটনাকবলিত বাস ও মাইক্রোবাসের চালক ও যাত্রীদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রানা জানান, আহত ব্যক্তিদের হাসপাতালে আনার পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা স্বাস্থ্য কমপ্লেক্সেই চিকিৎসাধীন।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ায় বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
চাঁদপুর টাইমস ডেস্ক/
২৯ নভেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur