Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / শাহরাস্তিতে নারিকেল গাছেই স্ট্রোকে বৃদ্ধের মৃত্যু
নারিকেল

শাহরাস্তিতে নারিকেল গাছেই স্ট্রোকে বৃদ্ধের মৃত্যু

চাঁদপুরের শাহরাস্তিতে নারিকেল গাছ পরিষ্কার করতে উঠে সৈয়দ আহমেদ (৫৪) নামে একজনের মৃত্যু হয়েছে। গাছের ওপর থাকা অবস্থায় স্ট্রোক করে তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে। পরে ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের সম্মিলিত প্রচেষ্টায় গাছ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

শনিবার (২৮ নভেম্বর) রাত ১০টা ৩৫ মিনিটে শাহরাস্তি উপজেলার পশ্চিম চিতোষী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কোয়ার নুনিয়া এলাকায় এ উদ্ধার কার্যক্রম সম্পন্ন হয়।

শাহরাস্তি ফায়ার সার্ভেশন সূত্রে জানা যায়, শনিবার রাত ৮টা ১০ মিনিটে ওই ব্যক্তির গাছে আটকে থাকার সংবাদ পেয়ে রাত ৯টা ১০ মিনিটে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। রাত ১০টা ১০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে রাত ১০টা ৩৫ মিনিটে গাছ থেকে সৈয়দ আহমেদের মরদেহ উদ্ধার করে নিচে নামিয়ে আনা হয়।

উদ্ধারকাজে শাহরাস্তি ফায়ার স্টেশন, চাঁদপুর উত্তর ফায়ার স্টেশন ও মনোহরগঞ্জ ফায়ার স্টেশনের দুটি ইউনিট সম্মিলিতভাবে অংশ নেয়।

ঘটনাস্থলটি ফায়ার স্টেশন থেকে প্রায় ১১ কিলোমিটার দূরে ছিল। উদ্ধার অভিযান শেষে রাত ১১টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের দল স্টেশনে ফিরে আসে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রতিবেদক: কবির হোসেন মিজি/
২৯ নভেম্বর ২০২৬