Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / শাহরাস্তিতে ছেলের বিরুদ্ধে বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ
ছেলের

শাহরাস্তিতে ছেলের বিরুদ্ধে বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ

চাঁদপুরের শাহরাস্তিতে গর্ভধারিণী মা’কে ভরণপোষণ ও চিকিৎসার খরচ না দিয়ে ৬৫ বছর বয়সী বৃদ্ধা মাকে মারধর, বসতঘর নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে। এ ঘটনায় `মা’ সালমা বেগম (৬৫) ওই বৃদ্ধা শাহরাস্তি মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

গতকাল বিকেলে শাহরাস্তি পৌরসভার ৩নং ওয়ার্ডের সুয়াপাড়া (পুরান বাড়িতে ) এ ঘটনা ঘটেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, সালমা বেগমের স্বামী ইব্রাহিম খলিল মারা গেছেন। তাঁর ছেলে শাহপরান (৩২) ও পুত্রবধূ ফাতেমা আক্তার লিমা (২৬) প্রায় দেড় বছর ধরে আলাদা বসবাস করছেন। বাবা থাকাকালীনও মা-বাবাকে ভরণপোষণ দেননি।

এ সময়ের মধ্যে তাঁরা তাঁর ভরণপোষণ ও চিকিৎসার কোনো খরচ বহন করেননি। আশপাশ ও পাড়া প্রতিবেশীর সহায়তায় অতিকষ্টে তাঁর জীবন যাপন করছেন।

অভিযোগে আরও বলা হয়, ভরণপোষণ ও চিকিৎসার খরচ চাইলে ছেলে ও পুত্রবধূ তাঁকে গালমন্দ ও মারধর করেন। এমনকি পুরনো বসতঘর ভাঙচুরের পাশাপাশি নতুন ঘর নির্মাণেও বাধা দিয়ে আসছেন। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানিয়ে বহুবার সালিশি বৈঠক হয়।
ওই বৈঠকে ছেলে শাহ পরান কাউকে তোয়াক্কা না করে উল্টো নিজের মা’কে অশালীন ব্যবহার ও গালাগালি, মারধরের হুমকি প্রদান করেন।

সর্বশেষ ঐদিন বুধবার বিকেলে নিজের জরাজীর্ণ ঘর নির্মাণের সময় ছেলে ও পুত্রবধূ সেখানে গিয়ে বাধা দেন। এ সময় প্রতিবাদ করায় তাঁরা বৃদ্ধা বিধবা মা সালমা বেগমকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারেন। এতে তাঁর ডান হাতের কবজি, শিনা, বুক, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে বলে অভিযোগ করেন তিনি। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন। পরে তাঁকে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, এ সময় বিবাদীরা তাঁকে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে মা ও বোনকে প্রাণনাশের হুমকি দেন। এতে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।

এ বিষয়ে বৃদ্ধ মা সালমা বেগম বলেন আমার ছেলে বিয়ের পর থেকে আমাদেরকে কোন ভরণপোষণ দেয় নি বরং আমাকে কয়েকবার মারধর করেছেন।

আমার পুরনো ঘরে বর্তমানে জরাজীর্ণ হয়ে পড়েছে, বৃষ্টির বাইরে না পড়তে ঘরে পড়ে, ঘরের পুরো চাল ও চারদিকের বেড়া একেবারেই সম্পূর্ণ নষ্ট হয়েছে। ১০ জনের সাহায্য, সহযোগিতায় আমি ঘর নির্মাণ করতে যাচ্ছি। এ অবস্থায় আমার ছেলে আমাকে ঘর করতে বাধা ও মারধর করে থাকে।

উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি বিনীত প্রার্থনা করেন আমি যেন সুষ্ঠুভাবে থাকতে পারি এ কুলাঙ্গার ছেলের হাত থেকে আমাকে প্রাণে বাঁচাতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

এ বিষয়ে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান থানায় অভিযোগ হয়েছে, বিষয়টি আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রতিবেদক: মো: জামাল হোসেন/
২৮ নভেম্বর ২০২৬