চাঁদপুরের শাহরাস্তিতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ফয়সাল (১৭) নামে এক সাইকেল আরোহী কিশোর নিহত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) দুপুরে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের রাড়া কাজী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী প্রায় তিন ঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
নিহত ফয়সাল শাহরাস্তি উপজেলার আজাগরা গ্রামের মোল্লা বাড়ির করিম মোল্লার ছেলে। সে ওয়ারুক বাজারের স্বপ্ন সুপারশপে কর্মরত ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সাইকেল নিয়ে যাওয়ার সময় একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয় ফয়সাল। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এদিকে, ফয়সালের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়ক অবরোধ করেন। এতে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাভার্ড ভ্যানটি জব্দ করলে এবং প্রায় তিন ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়। তবে দুর্ঘটনার পর চালক পালিয়ে যায়।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
প্রতিবেদক: মোঃ জামাল হোসেন/
২৮ নভেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur