দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসার ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত সব ছাত্রীকে উপবৃত্তির আওতায় আনছে সরকার। ফলে মোট ৭৩ লাখ ২২ হাজার ছাত্রী সর্বজনীনভাবে এ সুবিধা পাবে। এতে উপবৃত্তির সুবিধাভোগী শিক্ষার্থীর সংখ্যা দাঁড়াবে ৯৯ লাখ ৩৪ হাজার। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে বিনাবেতনে পড়ার সুযোগ পাবে তারা।
পাশাপাশি প্রচলিত দারিদ্র্য-ভিত্তিক মূল্যায়নের মাধ্যমে ছাত্ররাও এ সুবিধা পাবে। এছাড়া দেশের অনগ্রসর আরও নতুন ১২টি উপজেলাকে শতভাগ উপবৃত্তির কার্যক্রমে যুক্ত করা হচ্ছে। এতে সরকারের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৬৯৮ কোটি ৬৮ লাখ টাকা।
বিএনপির নির্বাচনি ইশতেহারের অঙ্গীকার অনুযায়ী‘সমন্বিত উপবৃত্তি কর্মসূচি-এর পরিধি সম্প্রসারণের মাধ্যমে এ উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে।
এর মূল লক্ষ্য হলো,দেশে নারী শিক্ষার প্রসার, ঝরে পড়ার হার কমানো,বাল্যবিবাহ রোধ এবং সুবিধাবঞ্চিত ও দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তা জোরদার করা। পাশাপাশি নারীর ক্ষমতায়ন ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি-৪) অনুযায়ী সবার জন্য অবৈতনিক শিক্ষা নিশ্চিত করাও এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।
এ বিষয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেন,‘দেশের আর্থ-সামাজিক রূপান্তর, মানবসম্পদ উন্নয়ন এবং নারী শিক্ষার জাগরণের ইতিহাসে ১৯৯৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রবর্তিত উপবৃত্তি কর্মসূচি একটি যুগান্তকারী মাইলফলক।’
তিনি আরও বলেন,‘এ ঐতিহাসিক কর্মসূচির আওতায় দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সর্বত্র ছাত্রীদের যে আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা দেওয়া হতো, তার ফলে মেয়েদের ঝরে পড়ার হার উল্লেখযোগ্যভাবে কমে এসেছিল। শিক্ষাক্ষেত্রে মেয়েদের অংশগ্রহণের সেই যে ধারাবাহিক অগ্রগতি সাধিত হয়েছিল, তা আজও অব্যাহত রয়েছে। এ কারণে নারী শিক্ষার প্রসারে তার এ দূরদর্শী অবদান ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে।’
মাহদী আমিন বলেন,‘বর্তমান গণতান্ত্রিক সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় পূর্বের সেই সফল ধারাবাহিকতায় সারা দেশে শতভাগ ছাত্রী উপবৃত্তি কর্মসূচি আবার চালু হতে যাচ্ছে।’
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির ৭৩ লাখ ২২ হাজার ছাত্রী সর্বজনীনভাবে এ সুবিধা পাবে, যা দেশের শতভাগ ছাত্রী। এর ফলে বর্তমানে উপবৃত্তির সুবিধাভোগী শিক্ষার্থীর সংখ্যা দাঁড়াবে ৯৯ লাখ ৩৪ হাজার । পাশাপাশি প্রচলিত দারিদ্র্য-ভিত্তিক মূল্যায়নের মাধ্যমে ছাত্ররাও এ সুবিধা পাবে। এতে সরকারের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৬৯৮ কোটি ৬৮ লাখ টাকা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম-এর আওতাধীন ‘ইমপ্রুভিং অ্যাক্সেস অ্যান্ড রিটেনশন থ্রু হারমোনাইজড স্টাইপেন্ড প্রোগ্রাম’ স্কিমের চতুর্থ সংশোধনীতে ব্যয় বাড়িয়ে এর পরিধি সম্প্রসারণ করা হয়েছে।
৮ অক্টোবর অর্থ বিভাগের নীতিগত সিদ্ধান্তের পর ১১ নভেম্বর ডকুমেন্টের অনুমোদন দেয় অর্থ বিভাগ এবং ১২ নভেম্বর প্রশাসনিক অনুমোদন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। এটি বাস্তবায়নের দায়িত্বে রয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট।
অগ্রাধিকার পাবে যারা
নতুন কাঠামোয় সব ছাত্রী উপবৃত্তি ও টিউশন ফি’র আওতায় এলেও প্রক্সি-মিনস টেস্ট (পিএমটি) পদ্ধতি অনুসরণ করা হবে। তবে দারিদ্র্য যাচাইয়ে ছাত্রীরা বাদ পড়বেন না; তথ্যভান্ডার ও গবেষণার জন্য এ তথ্য নেওয়া হবে।
অসচ্ছল পরিবারের ছেলেদের ক্ষেত্রে হাউসহোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার সার্ভে-২০২২ অনুযায়ী ৩০টি প্রশ্নের ভিত্তিতে ওয়েইটেজ ও কাট-অফ মার্কসে নির্বাচন বহাল থাকবে। বিশেষ অগ্রাধিকার ও শতভাগ উপবৃত্তি পাবেন প্রতিবন্ধী,তৃতীয় লিঙ্গ,বীর মুক্তিযোদ্ধার সন্তান,প্রাক্তন ছিটমহলবাসী এবং জুলাইযোদ্ধা শিক্ষার্থীরা।
শতভাগ উপবৃত্তি পাবে ২২ উপজেলায়
তথ্য অনুযায়ী,দেশের অনগ্রসর ১০টি উপজেলার সঙ্গে নতুন আরও ১২টিসহ ২২টি উপজেলার আবেদনের যোগ্য সব ছাত্র-ছাত্রী শতভাগ উপবৃত্তির সুবিধা পাবেন। উপজেলাগুলো হল: নাইক্ষ্যংছড়ি, আলীকদম,কুড়িগ্রাম সদর,রৌমারী,চর রাজিবপুর,চিলমারী,উলিপুর,ভুরুঙ্গামারী,কাহারোল,খানসামা, কুলিয়ারচর, মিঠামইন, ইটনা,অষ্টগ্রাম,খালিয়াজুরী, শাল্লা, ধর্মপাশা, দোয়ারাবাজার,আজমিরীগঞ্জ,হাতিয়া, চৌহালি ও মনপুরা উপজেলা।
স্কিম অনুযায়ী,উপবৃত্তি ধরে রাখতে শিক্ষাপ্রতিষ্ঠানে ন্যূনতম ৭৫ % উপস্থিতি, বার্ষিক পরীক্ষায় কমপক্ষে ৪৫ % নম্বর অর্জন, শিক্ষা বোর্ডের নিবন্ধন এবং উচ্চ মাধ্যমিক পর্যন্ত অবিবাহিত থাকা বাধ্যতামূলক। সূত্র:বাসস
চাঁদপুর টাইমস
২৮ নভেম্বর ২০২৬
এ জি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur