চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) রাতে শহরের কালীবাড়ি কোর্টস্টেশনে পৌঁছানোর পর এ আগুন দেখা যায়।
জানা যায়, চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস (৭২৯) ট্রেনটি কালীবাড়ি কোর্টস্টেশনে পৌঁছালে হঠাৎ ‘ত’ বগির পেছনের ২টি সিটে আগুন দেখা যায়। এতে যাত্রীরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন। এ সময় ট্রেনের কর্মচারী ও স্থানীয় লোকজনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনো যাত্রী হতাহতের খবর পাওয়া যায়নি।
আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেন বড়স্টেশনঘাট রেলস্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ মারুফ। তিনি জানান, ট্রেনটি চলন্ত অবস্থায় ছিল। এর মধ্যেই একটি বগিতে পেছনের ২টি সিটে আগুন দেখে মানুষ আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন। ততক্ষণে আগুনের ধোঁয়ায় বগি ভরে যায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই।
চাঁদপুর প্লাটফর্ম স্টেশন মাস্টার সোয়াইবুল সিকদার বলেন, ট্রেনটির ‘ত’ বগিতে ওই সময় যাত্রী ছিল না। তবে সামনে-পিছনের অন্য বগিতে যাত্রী ছিল। আগুন তাৎক্ষণিকভাবে স্থানীয়রা নিভিয়ে ফেলেন। ট্রেনের ওই বগির ২টি সিট পুড়ে গেছে। আগুনের সূত্রপাত বা দুর্বৃত্তের সম্পৃক্ততা কিনা তা তদন্তাধীন আছে। তবে এখন ট্রেন নিরাপদ আছে। আমরা ভোর ৫টায় যথাসময়ে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাব।
চাঁদপুর রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করা গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, মেঘনা এক্সপ্রেস প্রতিদিন ভোর ৫টায় চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। অন্যদিকে, চট্টগ্রাম থেকে বিকেল সোয়া ৫টায় ছেড়ে রাত ১০টার দিকে চাঁদপুরে পৌঁছায়।
স্টাফ করেসপন্ডেট/
২৮ নভেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur