Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় চলাচলের পথে বেড়া
চলাচলের

কচুয়ায় চলাচলের পথে বেড়া

চাঁদপুরের কচুয়া উপজেলার বিতারা গ্রামে পৈতৃক ও ওয়ারিশের সম্পত্তির ভাগ থেকে ছোট ভাইকে বঞ্চিত করার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে। শুধু সম্পত্তি থেকে বঞ্চিত করাই নয়, ছোট ভাইয়ের পরিবারের স্বাভাবিক চলাচলের পথ বন্ধ করতে বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টিরও অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।

উপজেলার বিতারা গ্রামের বাহারাম প্রধানীয়া বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ছোট ভাই মোহাম্মদ উল্যাহ তাঁর পরিবারের সম্পত্তির ন্যায্য অধিকার ও স্বাভাবিক চলাচলের পথ ফিরে পেতে এলাকাবাসী এবং প্রশাসনের কাছে ন্যায়বিচার দাবি করেছেন।

ভুক্তভোগী পরিবারের সদস্য প্রবাসীর মা মমতাজ বেগম ও স্ত্রী ফাতেমা আক্তারের অভিযোগ, তাদের মোট ৩০ শতাংশ জমি রয়েছে। এর মধ্যে ওয়ারিশদ ও অন্যান্য ভাবে ১৮ শতাংশ জমি জোরপূর্রক রেজিস্ট্রি দলিলের মাধ্যমে গ্রহণ করে রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে ভোগদখলে রয়েছেন।

কিন্তু পারিবারিক সম্পত্তির বণ্টন ও ভোগদখল নিয়ে বিরোধের জেরে তাঁদের নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

তাঁদের দাবি, বড় ভাইয়ের পক্ষ থেকে ছোট ভাইয়ের পরিবারকে সম্পত্তির ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি বাড়িতে যাতায়াতের পথে বেড়া দিয়ে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। এতে পরিবারের সদস্যদের স্বাভাবিক জীবনযাপন ও যাতায়াতে ভোগান্তি তৈরি হয়েছে।

মমতাজ বেগম ও ফাতেমা আক্তার বলেন, পৈতৃক ও ওয়ারিশ সম্পত্তিতে তাদের ন্যায্য অধিকার রয়েছে। তারা কারও সম্পত্তি দখল করতে চান না; বরং নিজেদের বৈধ অধিকার ও পরিবারের স্বাভাবিক চলাচলের নিশ্চয়তা চান। এ বিষয়ে স্থানীয়ভাবে সুষ্ঠু সমাধান না হওয়ায় তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

ভুক্তভোগী মোহাম্মদ উল্যাহও তার পরিবারের সম্পত্তির অধিকার নিশ্চিত করা এবং চলাচলের প্রতিবন্ধকতা দূর করার দাবি জানিয়েছেন।

তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
১৭ নভেম্বর ২০২৬