Home / চাঁদপুর / চাঁবিপ্রবিতে শ্রীলঙ্কা-বাংলাদেশ প্রতিনিধিদের ‘রুটস অব ফ্রেন্ডশিপ’ অনুষ্ঠিত
চাঁবিপ্রবিতে

চাঁবিপ্রবিতে শ্রীলঙ্কা-বাংলাদেশ প্রতিনিধিদের ‘রুটস অব ফ্রেন্ডশিপ’ অনুষ্ঠিত

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চাঁবিপ্রবি) পরিবেশবাদী সংগঠন ‘১ টাকায় বৃক্ষরোপণ’ এর আমন্ত্রণে বাংলাদেশ-শ্রীলঙ্কার বন্ধুত্ব ও সম্প্রীতির বার্তা নিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘রুটস অব ফ্রেন্ডশিপ’ (Roots of Friendship) কর্মসূচি। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় পরিদর্শন ও বৃক্ষরোপণ করেন শ্রীলঙ্কা থেকে আসা ২০ সদস্যের একটি প্রতিনিধি দলের সদস্যরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ৯ম বাংলাদেশ-শ্রীলঙ্কা ইয়ুথ এক্সচেঞ্জ প্রোগ্রামের অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়। শ্রীলঙ্কার ন্যাশনাল ইয়ুথ সার্ভিসেস কাউন্সিল (এনওয়াইএসসি) ও হোপ ৮৭-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ যুব বিনিময় কর্মসূচিতে অংশ নিতে শ্রীলঙ্কার ২০ সদস্যের প্রতিনিধি দল বর্তমানে বাংলাদেশ সফর করছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আতিকুর রহমান।

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ লোকমান হোসেনের সভাপতিত্বে ও ‘রুটস অব ফ্রেন্ডশিপ’ কর্মসূচিতে পরিবেশবাদী সংগঠন ‘১ টাকায় বৃক্ষরোপণ’ এর চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক এস এম মঞ্জুরুল ইসলাম সাজিদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক খাদিজা খাতুন টুম্পা, আইসিটি বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক নাজিম উদ্দিন, সিএসই বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মো. জাহিদুল ইসলাম, ছাত্র হলের প্রভোস্ট আবু রুম্মান রিফাত এবং হোপ ৮৭ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রেজাউল করিম বাবু প্রমুখ।

কর্মসূচির অংশ হিসেবে শ্রীলঙ্কান প্রতিনিধি দলের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান পরিদর্শন করেন এবং বৃক্ষরোপণে অংশ নেন। এর মধ্য দিয়ে দুই দেশের তরুণদের মধ্যে বন্ধুত্ব, পারস্পরিক সৌহার্দ্য ও সাংস্কৃতিক বিনিময়ের পাশাপাশি পরিবেশ সংরক্ষণে সম্মিলিত উদ্যোগের একটি ইতিবাচক বার্তা তুলে ধরা হয়।

বৃক্ষরোপণের মাধ্যমে বন্ধুত্বের শিকড় আরও গভীরে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে আয়োজিত এ কর্মসূচি দুই দেশের যুবসমাজের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সম্প্রীতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

প্রতিবেদক: কবির হোসেন মিজি/
১৭ নভেম্বর ২০২৬