Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানসহ আ.লীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার
ইউপি

ফরিদগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানসহ আ.লীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার

চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে স্থানীয় এক সাবেক ইউপি চেয়ারম্যান ও দলের বিভিন্ন স্তরের পদধারী নেতা রয়েছেন।

সোমবার (১৬ নভেম্বর ২০২৬) রাতে ফরিদগঞ্জ থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে। থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্লাহর সার্বিক দিকনির্দেশনায় এসআই মো. রাকিবুল হাসান ও মোহাম্মদ হুমায়ুন কবির সঙ্গীয় ফোর্স নিয়ে এই অভিযান পরিচালনা করেন।

অভিযানে গ্রেফতারকৃতরা হলেন , চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, হাসান আবদুল হাই (৫৫) গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা যুবলীগের সদস্য মজিবুর রহমান ভূঁইয়া (৩৭) এবং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের কর্মী মাহবুব শেখ (৩২)।

পুলিশ সূত্রে জানা যায়, সারাদেশের ন্যায় সকল ধরনের নাশকতা ঠেকাতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসী বিরোধী আইনে নিয়মিত মামলা দায়ের করে মঙ্গলবার(১৭ নভেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের গোপন নাশকতা ও অপ্রীতিকর ঘটনা ঠেকাতে আমাদের এই বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সবসময় কঠোর ও সতর্ক অবস্থানে রয়েছে।

প্রতিবেদক: শিমুল হাছান,
১৭ নভেম্বর ২০২৬