Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / শাহরাস্তিতে কৃষিজমির টপ সয়েল কাটায় লাখ টাকা জরিমানা
কৃষি

শাহরাস্তিতে কৃষিজমির টপ সয়েল কাটায় লাখ টাকা জরিমানা

চাঁদপুরের শাহরাস্তির চিতোষী পূর্ব ইউনিয়নের মসতপাড়ায় অনুমোদনহীনভাবে ড্রেজার দিয়ে কৃষিজমির মাটি (উপরিভাগের মাটি) কাটার অপরাধে একজনকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা খাতুনের নির্দেশনায় পরিচালিত অভিযানে অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে কৃষিজমির মাটি কাটার সত্যতা পাওয়া যায়। এ অপরাধে মসতপাড়া গ্রামের মো. আবুল কাশেম (৭৪)কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে পরিচালনা করেন শাহরাস্তির সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান। এ সময় সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা, উপজেলা আনসার সদস্য ও গ্রামপুলিশ উপস্থিত ছিলেন।

কৃষিজমির উর্বরতা ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

প্রতিবেদক: মোঃ জামাল হোসেন/
১০ নভেম্বর ২০২৬