Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় বিএনডি ফোরামের ২০ বছর পূর্তি উৎসব ও পুনর্মিলনী
বিএনডি

কচুয়ায় বিএনডি ফোরামের ২০ বছর পূর্তি উৎসব ও পুনর্মিলনী

‘আমাদের উপস্থিতিতে হউক পৃথিবীটা আরো সুন্দর’-এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের কচুয়ায় বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বিএনডি ফোরামের ২০ বছর পূর্তি উৎসব ও পুনর্মিলনী। গৌরব, ঐতিহ্য ও সাফল্যের দুই দশক উদযাপন উপলক্ষে শুক্রবার দিনব্যাপী হৈ-চৈ, ছবি তোলাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে এ আয়োজন সম্পন্ন হয়।

এ উপলক্ষে বিএনডি ফোরাম হাইস্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের বর্তমান ও সাবেক সদস্য, শুভাকাঙ্ক্ষী, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মিলনমেলায় পরিণত হয় পুরো আয়োজনস্থল। দীর্ঘদিন পর একে অপরের সঙ্গে দেখা ও কুশল বিনিময়ের মধ্য দিয়ে পুরোনো স্মৃতিচারণে মেতে ওঠেন সংগঠনের সদস্যরা। এতে সৃষ্টি হয় আনন্দঘন ও আবেগময় পরিবেশ।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ১০টি সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়। সকালে র‌্যালির মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিরা সংগঠনের দুই দশকের পথচলা, অর্জন, সামাজিক দায়বদ্ধতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।

বিএনডি ফোরামের সভাপতি নির্মল চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কচুয়া উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদিন স্বপন।

সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জীবন কানাই সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য দেন পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফজলুল হক, কুমিল্লা ইস্পাহানি স্কুল এন্ড কলেজ এর সহযোগী অধ্যাপক সচিনাথ রায়, সাবেক ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন স্বপন, ভুঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন আক্তার, বিশিষ্ট সমাজসেবক আবুল বারাকাত বাবুল, সংগঠনের আহ্বায়ক সুনীল চন্দ্র বাইন এবং সাবেক সভাপতি সুজন সরকারসহ আমন্ত্রিত অতিথিরা।

বক্তারা বলেন, একটি সংগঠনের ২০ বছরের পথচলা নিঃসন্দেহে গৌরব ও অর্জনের বিষয়। দীর্ঘ দুই দশক ধরে বিএনডি ফোরাম বিভিন্ন সামাজিক, শিক্ষামূলক ও মানবিক কর্মকান্ডের মাধ্যমে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে। এ ধরনের সংগঠন সমাজের ইতিবাচক পরিবর্তন, তরুণ প্রজন্মের বিকাশ এবং পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতার বন্ধন সুদৃঢ় করতে গুররু¡পূর্ণ ভূমিকা রাখতে পারে।

তারা আরও বলেন, শুধু প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনই নয়, বরং অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামী দিনে আরও বৃহৎ পরিসরে মানবিক ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করতে হবে। শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে উৎসাহিত করার পাশাপাশি ভালো কাজে তরুণদের সম্পৃক্ত করতে বিএনডি ফোরামকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ১০টি সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার অনুপ্রেরণা এবং সামাজিক সংগঠনগুলোর ভালো কাজের স্বীকৃতি দেওয়া হয়।

দিনব্যাপী এ আয়োজনের মধ্য দিয়ে বিএনডি ফোরামের দুই দশকের স্মৃতি, ঐতিহ্য ও অর্জন নতুন করে স্মরণ করার পাশাপাশি আগামী দিনের পথচলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সদস্য ও অতিথিরা।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
৬ নভেম্বর ২০২৬