চাঁদপুর পৌর বিএনপির অন্তর্ভুক্ত ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিয়াজী এবং ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সফিকুর রহমান তাইনীর মৃত্যুতে শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (৬ নভেম্বর) বাদ মাগরিব জেলা বিএনপি কার্যালয়ে চাঁদপুর পৌর বিএনপির আয়োজনে এ শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক।
তিনি তার বক্তব্যে বলেন, আব্দুর রহমান মিয়াজী ও সফিকুর রহমান তাইনী আমাদের ছেড়ে চলে গেছেন। মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন তাঁদের জান্নাত নসিব করেন। তাঁরা সত্যিকার অর্থেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের বিএনপি করতেন। তাঁরা জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শকে ধারণ করে রাজনীতি করেছেন। আমরা সবাই একদিন চলে যাব, কেউ চিরদিন থাকব না।
তিনি আরও বলেন, আব্দুর রহমান মিয়াজী হেঁটে হেঁটে মানুষের বাড়ি বাড়ি যেতেন, মানুষের সঙ্গে যোগাযোগ রাখতেন। তাঁর এমন আকস্মিক চলে যাওয়া আমরা কল্পনাও করতে পারিনি। সফিকুর রহমান তাইনী দীর্ঘদিন অসুস্থ ছিলেন। তাঁর ছেলেও আমাদের দলের সঙ্গে সম্পৃক্ত এবং সাংবাদিকতা করেন। তাঁদের দুজনের মৃত্যুতে আমরা একজন নিবেদিতপ্রাণ সহযোদ্ধাকে হারিয়েছি। জিয়াউর রহমানের পাশাপাশি প্রয়াত এই দুই নেতার আদর্শ ধারণ করে দলকে এগিয়ে নিতে হবে। তাহলেই জনগণ জেলা বিএনপির প্রতি আস্থা ও বিশ্বাস রাখবে।
চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যা সেলিম, জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান মো. সফিকুজ্জামান ও খলিলুর রহমান গাজী প্রমুখ।
শেষে মরহুম দুই নেতার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।মিলাদ মাহফিল পরিচালনা করেন জেলা ওলামা দলের আহ্বায়ক মাও. জসিম উদ্দিন পাটওয়ারী।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ফেরদৌস আলম বাবু, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদির বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক ইমান আলী মিয়াজী, সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, পৌর যুবদলের আহ্বায়ক শাহাজাহান কবির খোকা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক হাওলাদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামছুল আলম সূর্য, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সফিউদ্দিন বাবলুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
স্টাফ রিপোর্টার/
৬ নভেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur