২০২৭ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনি বা টেস্ট পরীক্ষা ১৫ নভেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দেয়া হয়েছে। একই সময়ের মধ্যে পরীক্ষার ফল প্রকাশেরও নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসএসসি পরীক্ষার ফরম পূরণের জন্য সম্ভাব্য পরীক্ষার্থীদের তালিকা অনলাইনে প্রকাশ করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে ইআইআইএন ও পাসওয়ার্ড ব্যবহার করে তালিকা সংগ্রহ করতে হবে। পরে শিক্ষার্থীদের তথ্য যাচাই-বাছাই করে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে।
এতে আরও জানানো হয়েছে, গত বছর এসএসসি পরীক্ষায় এক থেকে চার বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে ১৪ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে। এসব শিক্ষার্থীর পরীক্ষা গ্রহণ এবং নির্বাচনি পরীক্ষার ফল প্রকাশের কাজ ১৫ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে।
বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফি জমা দেয়া যাবে ২৪ নভেম্বর পর্যন্ত। আর বিলম্ব ফিসহ অনলাইনে আবেদন করা যাবে ২৪ থেকে ২৯ নভেম্বরের মধ্যে।
এদিকে নিয়মিত শিক্ষার্থীদের ফরম পূরণের বিষয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড জানিয়েছে, ১৬ নভেম্বর থেকে ফরম পূরণ শুরু হবে। বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফরম পূরণ চলবে ২৩ নভেম্বর পর্যন্ত।
শিক্ষা বোর্ড জানিয়েছে- ২০২৭ সালের ১৪ মার্চ এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৪ নভেম্বর ২০২৬
এ জি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur