কুমিল্লায় শিল্প কারখানায় শ্রমিকদের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টির উসকানিদাতা, নিষিদ্ধ সংগঠনের সদস্য, কিশোর গ্যাং এবং বিভিন্ন অপরাধের সাথে জড়িতদের বিরুদ্ধে একযোগে সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ।
পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম-এর নির্দেশনায় গত সোমবার (২ নভেম্বর) সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। জেলা পুলিশের সকল ইউনিট এবং ডিবি পুলিশ এই অভিযানে অংশ নেয়।
অভিযানের অংশ হিসেবে শিল্প কারখানায় শ্রমিকদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির মূল উসকানিদাতা মাসুদ রানা (২৬)-কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এছাড়া কুমিল্লা মহানগরীসহ জেলার প্রতিটি থানা এলাকার বিভিন্ন স্থানে মাদক কারবারি, মাদকসেবী, ছিনতাইকারী, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য, কিশোর গ্যাংয়ের সদস্য এবং পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ৩৮৫ জনকে আটক করা হয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, উঠতি বয়সী কিশোরেরা যেন কোনোভাবেই অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে অন্ধকার পথে না যায় এবং তারা যেন পুনরায় পড়ার টেবিলে ফিরে আসে—সেটি নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। একটি নিরাপদ ও সুশৃঙ্খল নগরী গড়তে জেলা পুলিশের পক্ষ থেকে এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। একই সাথে সাধারণ মানুষ বা কোনো নিরপরাধ ব্যক্তি যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়েও পুলিশের পক্ষ থেকে কঠোর পর্যবেক্ষণ রাখা হচ্ছে। কিশোর অপরাধ পুরোপুরি নির্মূল করতে জেলা পুলিশ বদ্ধপরিকর।
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল,
৩ নভেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur