Home / সারাদেশ / লঞ্চের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন প্রকাশ
lanch rant--

লঞ্চের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন প্রকাশ

জ্বালানি তেলের দাম বাড়ার পর লঞ্চসহ নৌ-যানে যাত্রীভাড়া বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী,প্রথম ১শ কি.মি.পর্যন্ত প্রতি কি.মি. জনপ্রতি ভাড়া ২২ পয়সা এবং ১শ কি.মি.বেশি দূরত্বে ১৯ পয়সা বাড়ানো হয়েছে। একই সঙ্গে সর্বনিম্ন যাত্রীভাড়া ৩ টাকা বাড়িয়ে ৩৫ টাকা করা হয়েছে।

বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর নৌ-পরিবহন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপন অনুযায়ী,নতুন ভাড়া ২৪ সেপ্টেম্বর থেকেই কার্যকর হয়েছে।

নতুন হারে প্রথম ১শ কি.মি.পর্যন্ত প্রতি কি.মি.জনপ্রতি ভাড়া ২ টাকা ৯৫ পয়সা থেকে বেড়ে হয়েছে ৩ টাকা ১৭ পয়সা। আর ১শ কি.মি.এর বেশি দূরত্বের ক্ষেত্রে প্রতি কি.মি.ভাড়া ২ টাকা ৫২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭১ পয়সা করা হয়েছে।

এ ছাড়া নৌযানে জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ৩২ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে স্বল্প দূরত্বের যাত্রীদেরও আগের তুলনায় ৩ টাকা বেশি দিতে হবে।

নৌপরিবহন মন্ত্রণালয় জানিয়েছে,জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন (নৌরুট, পারমিট, সময়সূচি ও ভাড়া নির্ধারণ) বিধিমালা, ২০১৯-এর বিধি ২৭ অনুযায়ী নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে।

প্রজ্ঞাপনে নতুন ভাড়ার হার সব নদীবন্দরের টার্মিনাল ও নৌ-যানের দৃশ্যমান স্থানে বাধ্যতামূলকভাবে প্রদর্শনের নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে নৌ-যানের ভাড়া নির্ধারণসংক্রান্ত আগে জারি করা সব প্রজ্ঞাপন ও আদেশ রহিত করা হয়েছে।

২৫ সেপ্টেম্বর ২০২৬
এ জি