বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আয়োজনে ও চাঁদপুর ইউনিটের ব্যবস্থাপনায় ২দিনব্যাপী (২১ ও ২২ নভেম্বর) নিরাপদ প্রবেশাধিকার (সেফার অ্যাকসেস) বিষয়ক ওরিয়েন্টেশন প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। ২২ নভেম্বর (রবিবার) বিকেল ৪টায় চাঁদপুর রেড ক্রিসেন্ট ভবনে এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁদপুর ইউনিটের ভাইস চেয়ারম্যান সাংবাদিক মুহাম্মদ মুনির চৌধুরী।
তিনি বলেন, যে কোনো দুর্যোগ বা সংকটময় মুহূর্তে মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছে দিতে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চাঁদপুরসহ দেশের বিভিন্ন দুর্যোগে রেড ক্রিসেন্টের যুব সদস্যরা প্রথম সারিতে থেকে কাজ করেন, যা অত্যন্ত প্রশংসনীয়। নিরপেক্ষতা ও পক্ষপাতহীনতার মতো রেড ক্রিসেন্টের মৌলিক নীতিগুলো মেনে চললে সাধারণ মানুষের আস্থা অর্জন সহজ হয় এবং কাজের ঝুঁকিও কমে।
তিনি আরও বলেন, নিরাপদ প্রবেশাধিকার প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো প্রতিকূল পরিবেশে নিজেদের নিরাপত্তা বজায় রেখে এবং স্থানীয় জনগণের আস্থা অর্জনের মাধ্যমে কীভাবে মানবিক সেবা পৌঁছে দেওয়া যায়, সে বিষয়ে দক্ষতা অর্জন করা। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান মাঠপর্যায়ের কাজে যথাযথভাবে প্রয়োগ করতে হবে।
রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁদপুর ইউনিটের যুব প্রধান ওমর বিন ইউসুফ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁদপুর ইউনিটের নবাগত সেক্রেটারি ফয়সাল আহমদ বাহার,কার্যকরী কমিটির নবাগত সদস্য ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, সদস্য সাংবাদিক মো. রিয়াজুল রহমান রানা, সদস্য ডা. জওহর লাল আচার্য এবং সদস্য বিশিষ্ট সমাজসেবক আলমগীর আলম জুয়েল।
সেক্রেটারি ফয়সাল আহমদ বাহার তার বক্তব্যে বলেন, চাঁদপুর রেডক্রিসেন্ট সোসাইটির কার্যক্রম আরো জোরদার করা হবে।আজকের যুব রেডক্রিসেন্ট সদস্যদের এই প্রশিক্ষণ আগামীতে কাজে লাগাতে হবে। যে কোন দুর্যোগকালীন সময়ে চাঁদপুর রেডক্রিসেন্ট ইউনিট ও যুব রেডক্রিসেন্ট ইউনিট পাশে থাকবে। সারাদেশের মধ্যে চাঁদপুর রেডক্রিসেন্ট ইউনিটকে একটা মডেল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই।এ ব্যাপারে সবার সহযোগিতা চাই।
নবাগত কার্যকরী কমিটির সদস্য চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী তাঁর বক্তব্যে বলেন, রেড ক্রিসেন্ট একটি আন্তর্জাতিক মানবিক সংস্থা। এ সংস্থার মাধ্যমে সমাজের উন্নয়ন ও মানবকল্যাণে কাজ করা হয়। রেড ক্রিসেন্টকে আরও এগিয়ে নিতে চাঁদপুর প্রেসক্লাবের পক্ষ থেকেও সর্বাত্মক সহযোগিতা থাকবে। রেডক্রিসেন্ট ও যুব রেডক্রিসেন্ট সোসাইটির সদস্যদের মাঠ পর্যায়ের কর্মকান্ড মিডিয়ার গুরুত্বসহকারে তুলে ধরা হবে।। আজকের এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান সমাজের কল্যাণে কাজে লাগাতে হবে। চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিট অত্যন্ত শক্তিশালী একটি সংগঠন।
প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্ট্র্যাটেজিক বিভাগের ডিএডি মো. কামাল উদ্দিন এবং সেফার অ্যাকসেস প্রশিক্ষক অভিষেক চৌধুরী।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে সেরা তিনজনকে অতিথিরা পুরস্কার প্রদান করেন। এ ছাড়া রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁদপুর ইউনিটের যুব সদস্য মো. নোবেল উচ্চশিক্ষার জন্য বিদেশ গমন উপলক্ষে তাঁকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।
নিজস্ব প্রতিবেদক/
২২ নভেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur