দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। গতকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে মিছিলপূর্ব সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাসুদুর রহমান মাঝির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক বেলাল হোসেন বেলাল।
তিনি তার বক্তব্যে বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে কোনো মহল যাতে দেশের স্থিতিশীলতা নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণভাবে প্রতিবাদ অব্যাহত রাখতে হবে।
তিনি আরো বলেন, দেশের জনগণের জানমাল ও স্বাভাবিক জীবনযাত্রার নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব। কোনো ধরনের উসকানি বা সহিংসতায় না গিয়ে সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে থাকার জন্য স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাই।
চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিনিয়র শামছুল আরেফিন খানের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামছুল আলম সূর্য, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সফিউদ্দিন বাবলু, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হানিফ কাকন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনির হোসেন মুন্না, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পীরজাদা জুনায়েদ উল্যাহ খান, যুগ্ম আহ্বায়ক সোহেল মৃধা, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন আহমেদ কাউছার প্রমুখ।
সমাবেশ ও মিছিলে জেলা, সদর উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চাঁদপুরের অঙ্গীকার পাদদেশে গিয়ে শেষ হয়।
স্টাফ রিপোর্টার/
২৩ সেপ্টেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur