মতলব দক্ষিণ উপজেলার কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০ ঘটিকায় বিদ্যালয় অডিটোরিয়াম কক্ষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান শিক্ষক কাজী মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভুমি মুমতাহিনা পৃথুলা।
তিনি বলেন,খেলাধুলা শুধু বিনোদন নয়; এটি আমাদের দেহ ও মনকে সুস্থ রাখে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা আমাদের মধ্যে শৃঙ্খলা, ধৈর্য, সহযোগিতা এবং নেতৃত্বের গুণাবলী তৈরি করে। খেলায় হার-জিত থাকবেই, কিন্তু মূল কথা হলো খেলায় অংশগ্রহণ করা এবং নিজের সেরাটা উপহার দেওয়া। যারা আজ পুরস্কার পেয়েছো, তাদের জানাই অনেক অভিনন্দন। আর যারা পাওনি, তাদের মন খারাপ করার কিছু নেই; আগামীতে আরও প্রস্তুতি নিয়ে জয় ছিনিয়ে আনতে হবে।
আমি এই সুন্দর অনুষ্ঠান সফল করার জন্য আয়োজক কমিটি, শিক্ষক-শিক্ষিকা এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, সফিকুল ইসলাম সাগর এবং নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ভুঁইয়া।
প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। বিশেষ অতিথি এনামুল হক বাদল তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন এবং তাদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের জন্য স্থানীয় সাংসদ ড. জালাল উদ্দিনের সাথে পরামর্শ করে সকল সমস্যা সমাধান করা হবে ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবকমণ্ডলী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
২৩ সেপ্টেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur