চাঁদপুরের শাহরাস্তিতে প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও এনসিপি নেতা শেখ রহমত উল্লাহ। উপজেলার বাহরাইন প্রবাসী চাচাতো ভাইয়ের স্ত্রী, দুই সন্তানের জননীকে নিয়ে শেখ রহমত উল্লাহ পৌরসভার এনসিপি নেতা উধাও হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে বাহরাইন প্রবাসী ইব্রাহিম খলিলের স্ত্রী মরিয়ম বেগমকে সঙ্গে নিয়ে তার দেবর শেখ রহমত উল্লাহ বাড়ি থেকে চলে যান। রহমত উল্লাহ শাহরাস্তি পৌরসভা এনসিপির আহ্বায়ক বলে জানা গেছে।
ঘটনাটি জানাজানি হলে পরিবারের সদস্যরা তাদের সন্ধানে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। অভিযোগ রয়েছে, বাড়ি থেকে চলে যাওয়ার পর থেকে শেখ রহমত উল্লাহ ও মরিয়ম বেগম দু’জনেরই মুঠোফোন বন্ধ রয়েছে।
রবিবার সকালে রহমত উল্লাহর স্ত্রী এবং ইব্রাহিম খলিলের দুই সন্তানসহ পরিবারের সদস্যরা শাহরাস্তি থানায় আসেন। এ সময় তারা নিখোঁজ দু’জনের সন্ধান এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
ইব্রাহিম খলিলের ভগ্নিপতি জাহাঙ্গীর আলম অভিযোগ করে বলেন, শেখ রহমত উল্লাহ ও মরিয়ম বেগমের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল বলে তারা জানতে পারেন। বিষয়টি পরিবারের নজরে আসার পর ইব্রাহিম খলিলকে জানানো হয়। পরে পারিবারিকভাবে বিষয়টি জানাজানি হলে শনিবার রাতে তারা বাড়ি থেকে চলে যান।
এদিকে মরিয়ম বেগমের দুই মেয়ে ফাতেহা জাহান (১০) ও ফারহান জাহান (৬) পরিবারের সদস্যদের সঙ্গে থানায় আসে। তারা মায়ের সন্ধানের জন্য থানায় এসেছে বলে জানায়।
মরিয়ম বেগমের শ্বশুর হারুনুর রশিদ বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে তিনি দাবি করেন, তার ছেলের স্ত্রী বাড়ি থেকে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ নিয়ে চলে গেছেন।
অভিযোগের পর বিষয়টি তদন্তে নেমেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, ‘এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’
তবে রহমত উল্লাহ ও মরিয়ম বেগমের অবস্থান এবং তাদের পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রতিবেদক:মোঃ জামাল হোসেন/
২০ সেপ্টেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur