কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে দাফন করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় কুমিল্লার গন্ধমতি ঈদগাহ মাঠে তার দ্বিতীয় জানাজা শেষে গন্ধমতি বড় কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
এর আগে সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অপ্রতিম কুমিল্লা বর্ডার গার্ড স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে শালবন বিহারে ছবি তুলতে যাওয়ার কথা বলে কোটবাড়ির বাসা থেকে বের হয় সে। এরপর আর বাসায় ফেরেনি। সন্ধ্যার পর তার মা সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পেছনের একটি টিলা থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। পরে কুমিল্লা মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্ত শেষে রাত ৮টার দিকে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এদিকে, অপ্রতীম হত্যাকাণ্ডের ঘটনায় সিসিটিভি ফুটেজের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে তুহিন, ফাহিম ও আনাস নামে তিনজনকে আটক করেছে পুলিশ।
আজ দুপুর ১২টায় অপ্রতিম হত্যাকাণ্ডের সার্বিক বিষয় জেলা পুলিশ প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানোর কথা রয়েছে।
চাঁদপুর টাইমস ডেস্ক/
২০ সেপ্টেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur