Home / সারাদেশ / কুমিল্লায় সিরিয়াল কিলার গ্রেপ্তার, দু’হত্যার রহস্য উদঘাটন
সিরিয়াল

কুমিল্লায় সিরিয়াল কিলার গ্রেপ্তার, দু’হত্যার রহস্য উদঘাটন

কুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জে অটোরিকশাচালকসহ পৃথক দুটি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় ‘সিরিয়াল কিলার’ হিসেবে পরিচিত চক্রের মূলহোতা আব্দুল ওয়াদুদ ওরফে মানিকসহ মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান এসব তথ্য জানান।

পুলিশ জানায়, গত ১২ আগস্ট নাঙ্গলকোট থানার আটিয়াবাড়ি এলাকা থেকে মো. মেহেদী (১৮) নামের এক অটোরিকশাচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে মাঠে নামে নাঙ্গলকোট থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে এই ঘটনায় আব্দুল ওয়াদুদ ওরফে মানিক, শাহেদ, ফাহিম ও সেলিমকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মেহেদীকে হত্যা ও তার অটোরিকশা ছিনতাইয়ের কথা স্বীকার করেন। পরবর্তীতে অভিযুক্ত মানিক আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

এর আগে গত ২৪ আগস্ট নাঙ্গলকোট থেকে মো. আরমান হোসেন (১৫) নামের আরেক অটোরিকশাচালক নিখোঁজ হন। তার ব্যবহৃত মোবাইল ফোনের সূত্র ধরে তদন্ত শুরু করে পুলিশ। একপর্যায়ে কাটা অবস্থায় একটি অটোরিকশা উদ্ধার এবং এ ঘটনায় জড়িত সন্দেহে মো. জোবায়ের হোসেন সুজন, নূর আলম ও মো. গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে আরমানকে অপহরণ ও হত্যার চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। পরে মূলহোতা মানিককে পুনরায় জিজ্ঞাসাবাদ করা হলে তিনি আরমানকে হত্যার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মনোহরগঞ্জ উপজেলার বিনয়ঘর এলাকার একটি পুকুর থেকে আরমানের মরদেহ উদ্ধার করে পুলিশ। সংবাদ সম্মেলনে জানানো হয়, দুটি হত্যাকাণ্ডের পেছনেই মূল উদ্দেশ্য ছিল অটোরিকশা ছিনতাই।

মূলত সহজ-সরল অটোরিকশাচালকদের টার্গেট করে হত্যা ও ছিনতাই করাই ছিল মানিকের মূল পেশা। পুলিশ আরও জানায়, এর আগে ২০২৪ সালের ২ সেপ্টেম্বর অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে শাহজাহান ওরফে সাইমন (১৭) নামের এক কিশোরকে শ্বাসরোধে হত্যা করে মানিক। ওই হত্যা মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল,
১৫ সেপ্টেম্বর ২০২৬