Home / সারাদেশ / কুমিল্লায় মাদক, কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী বিশেষ অভিযানে আটক ৩৫১
মাদক

কুমিল্লায় মাদক, কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী বিশেষ অভিযানে আটক ৩৫১

কুমিল্লা জেলায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের বিরুদ্ধে জেলা পুলিশের একযোগে পরিচালিত অভিযানে ৩৫১ জনকে আটক করা হয়েছে।

কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম-এর নির্দেশে গত ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানা এলাকা এবং ডিবি পুলিশের সকল ইউনিট একযোগে এই অভিযান পরিচালনা করে।

অভিযানকালে কুমিল্লা মহানগরীর বিভিন্ন পয়েন্টসহ প্রতিটি থানা এলাকার যেসব স্থানে উঠতি বয়সী বখাটেদের উৎপাত ও আড্ডা থাকে, সেসব স্থানকে কেন্দ্র করে পুলিশি তৎপরতা জোরদার করা হয়। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি মাঠে থেকে এই অভিযান মনিটরিং করেন।

অভিযানে আটক ৩৫১ জনের অপরাধের সম্পৃক্ততা নিবিড়ভাবে যাচাই-বাছাই করে ১৩২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অন্যদিকে অপরাধে সরাসরি সম্পৃক্ততা না থাকায় এবং মুচলেকা গ্রহণ সাপেক্ষে ২১৯ জনকে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, জেলাজুড়ে কিশোর অপরাধ রোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গত ২৩ সেপ্টেম্বর থেকে এই বিশেষ অভিযান শুরু হয়। গত ২৩ সেপ্টেম্বর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সময়ে মোট ৫ হাজার ২৪৬ জনকে আটক করা হয়েছে। যার মধ্যে মুচলেকায় ৩ হাজার ১৫১ জনকে অভিভাবকের জিম্মায় প্রদান করা হয় এবং অপরাধে জড়িত থাকা ২ হাজার ৯৫ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জেলা পুলিশ জানায়, উঠতি বয়সের কিশোর ও তরুণরা যেন কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে না পারে, সেজন্য জেলা পুলিশের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। অভিযানে কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে কঠোর মনিটরিং করা হচ্ছে। কিশোর অপরাধ দমনে জেলা পুলিশ বদ্ধপরিকর।

প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল,
৩০ অক্টোবর ২০২৬