চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং পৌরসভার মেয়র পদপ্রার্থী আলহাজ্ব মোঃ মোশারফ হোসাইন বলেছেন, অনেক সম্ভাবনা এবং সম্পদ থাকার পরেও দেশের প্রাচীনতম চাঁদপুর পৌরসভার তেমন একটা উন্নয়ন হয়নি। এখনো পৌর নাগরিকরা আধুনিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। আমি মনে করি, চাঁদপুর পৌরসভার যে পরিমাণ ইনকাম তা দিয়ে নাগরিকদের উন্নত সেবা দেওয়া সম্ভব। আর এই জন্য প্রয়োজন একজন সৎ নেতা এবং সঠিক নেতৃত্ব। যার সঠিক নেতৃত্বে পৌরসভার প্রতিটা চেয়ারে থাকা কর্মকর্তারা নাগরিকদের সত্যিকার অর্থে সেবা দিবেন। যিনি নাগরিকদের ট্যাক্স এবং ভোটের সঠিক মূল্যায়ন করবেন।
শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে চাঁদপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের উত্তর দাসদী এলাকার দশানি দিঘীরপাড় জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
আলহাজ্ব মোঃ মোশাররফ হোসাইন আরো বলেন, আমি পৌরসভার প্রতিটি শেষ সীমানার এলাকাগুলো পরিদর্শন করেছি। যেখানে আজ পর্যন্ত তেমন একটা উন্নয়নের ছোঁয়া লাগেনি। এসব এলাকার মানুষরা ট্যাক্সের টাকা পরিশোধ আর জন্ম নিবন্ধন সনদের প্রয়োজন হলেই নিজেদের পৌরসভার নাগরিক মনে করতে হয়। এই বৈষম্য এবং সমস্যার সমাধানে প্রয়োজন যোগ্য নেতৃত্ব। তাই আগামী নির্বাচনে নেতৃত্ব নির্বাচনে আপনাদের সতর্ক থাকতে হবে। যিনি আপনাদের নাগরিক সেবা নিশ্চিত করবেন, সততার সাথে দায়িত্ব পালন করবেন, এমন ব্যক্তিকেই আপনারা নেতৃত্ব জন্য নির্বাচিত করবেন।
মোশারফ হোসাইন বলেন, এ এলাকার অধিকাংশ মানুষ নদীভাঙনের শিকার। আমিও একজন নদীভাঙনকবলিত মানুষ। তাই আপনাদের কষ্ট ও বাস্তবতা আমি উপলব্ধি করতে পারি। জেলা শহরের কাছে হওয়া সত্ত্বেও এই অঞ্চলটি কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছে। যদি মহান আল্লাহ আমাকে চাঁদপুর পৌরসভার মেয়র হিসেবে কবুল করেন, তবে এই বিষয়টি আমি সর্বোচ্চ গুরুত্বের সাথে দেখব। ইনশাল্লাহ কথা দিচ্ছি, আপনাদের আমানতের খেয়ানত আমি করবো না। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী। পেশায় একজন ব্যবসায়ী। নিজের ব্যবসার উপার্জন থেকেই মানুষের সেবায় কাজ করে যাচ্ছি। আমার কাছে সবাই সমান। আপনাদের যেকোনো প্রয়োজনে আমাকে পাশে পাবেন।
এসময় চাঁদপুরবাসীর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামন করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা মোঃ ইলিয়াস মুন্সী। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ জসিম উদ্দিন খানের ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. মোঃ শফিকুর রহমানসহ স্থানীয় মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নামাজ এবং দোয়া শেষে আলহাজ্ব মোঃ মোশারফ হোসাইন দশানি দিঘীরপাড় এলাকা ঘুরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি এলাকাবাসীর সমস্যার কথাগুলো মনোযোগ সহকারে শুনেন, নির্বাচিত হলে গুরুত্বের সঙ্গে সেগুলো সমাধানের আশ্বাস দেন। এছাড়াও তিনি মসজিদ প্রাঙ্গণে নির্মাণাধীন মাদ্রাসাটি ঘুরে দেখেন এবং এর উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।
স্টাফ রিপোর্টার/
৩০ অক্টোবর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur