কুমিল্লা নগরীর তালপুকুরপাড়ের ঘাট থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয়রা তালপুকুরপাড়ের ঘাটে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে খবর পেয়ে কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। উদ্ধারের সময় তার শরীরে কোনো কাপড় ছিল না। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া নিহতের বয়স ও পরিচয় শনাক্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দলকে খবর দেওয়া হয়েছে।
প্রাথমিক ধারণা করে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, রাতের কোনো এক সময় ওই যুবকের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে স্থানীয় কয়েকজনের দাবি, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল,
১৫ সেপ্টেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur