Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মতলবের প্রবাসী নিহত
প্রবাসী

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মতলবের প্রবাসী নিহত

সাউথ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মো. জামাল মিয়া নামে চাঁদপুরের এক প্রবাসী নিহত হয়েছেন। ৯ সেপ্টেম্বর দিবাগত (আনুমানিক) রাত সাড়ে ১১টার দিকে এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত জামাল মিয়া চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের সিপাই কান্দি গ্রামের মো. ছিডু মিয়া বেপারীর পুত্র। দাম্পত্য জীবনে তিনি ৩ সন্তানের জনক। তারা হলেন—বড় ছেলে বায়েজিদ (৮), মেজো মেয়ে সিনথিয়া (৩) এবং ছোট মেয়ে সামিরা আক্তার (২)।

স্বামীকে হারিয়ে নিহতের স্ত্রী মাজেদা বেগম পাগলপ্রায়।
উপার্জনক্ষম একমাত্র ব্যক্তিকে হারিয়ে নিহতের পরিবার এখন সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছে। তাদের শোকের মাতমে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জামাল মিয়া জীবিকার তাগিদে ৪-৫ বছর পূর্বে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। সেখানে তিনি কষ্টের অর্জিত অর্থে একটি ভ্যারাইটি সুপারশপ দোকান গড়ে তোলেন এবং নিজেই একজন কর্মচারী রেখে ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

ঘটনার রাতে একদল সশস্ত্র সন্ত্রাসী তার দোকানে হামলা চালায়। সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে ঘটনাস্থলেই জামাল মিয়া নিহত হন। এ সময় দোকানে থাকা অপর কর্মচারী গুরুতর আহত হয়ে বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতের বাবা মো. ছিডু মিয়া বেপারী বলেন, আমার ছোট ছোট নাতিগুলা অল্প বয়সে এতিম হয়ে গেল। কি দুর্ভাগ্য আমাদের, ছেলের লাশটা ছুঁয়ে দেখার সুযোগও পেলাম না। বাবা হিসেবে এর চেয়ে কষ্ট আর দুর্ভাগ্য কি হতে পারে।

তিনি আরো বলেন, আমার এখন একটাই চাওয়া, খুব দ্রুত যেন ছেলের মরদেহ বাংলাদেশে এনে নিজ গ্রাম দাফনের ব্যবস্থা করতে পারি। এজন্য বাংলাদেশ সরকারের ওয়েজ আর্নার্স প্রবাসী কল্যাণ বোর্ড ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আকুল আবেদন জানাচ্ছি। এর পাশাপাশি তিনি দক্ষিণ আফ্রিকার প্রচলিত আইনের মাধ্যমে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং আর্থিক ক্ষতিপূরণ দাবি জানান।

প্রতিবেদক: আশিক বিন রহিম,
১০ সেপ্টেম্বর ২০২৬