Home / সারাদেশ / দেশে খাদ্যশস্যের ঘাটতি নেই : খাদ্যমন্ত্রী
food
ছবি : সংগৃহীত

দেশে খাদ্যশস্যের ঘাটতি নেই : খাদ্যমন্ত্রী

দেশে বর্তমানে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। তিনি বলেন, সরকারি খাদ্য গুদামগুলোতে নির্ধারিত নিরাপত্তা মজুদের চেয়েও বেশি খাদ্যশস্য রয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে বিরোধীদলীয় সংসদ সদস্য মো.মশিউর রহমান খানের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

খাদ্যমন্ত্রী বলেন, গত ৩০ আগস্ট পর্যন্ত সরকারি খাদ্য গুদামগুলোতে মোট ২৪ লাখ ৩৭ হাজার ৮০৭ টন খাদ্যশস্য মজুদ ছিল। স্বাভাবিক সময়ে সরকারি খাদ্যশস্যের নিরাপত্তা মজুদ ১৪ লাখ টন এবং সংকটকালে ১৫ লাখ টন নির্ধারণ করা হয়েছে। ফলে দেশে চাল ও গমের ঘাটতির কোনো আশঙ্কা নেই।

এফএওর ‘ফুড আউটলুক’ প্রতিবেদন উদ্ধৃত করে তিনি জানান, ২০২৫-২৬ অর্থবছরে দেশে চালের চাহিদা ছিল ৪ কোটি ২৩ লাখ টন। বিপরীতে সরবরাহ ছিল ৪ কোটি ৩৬ লাখ ৫২ হাজার টন। এর মধ্যে ৪ কোটি ২৪ লাখ ৬৭ হাজার টন দেশীয় উৎপাদন এবং ১২ লাখ ৮৫ হাজার টন আমদানির মাধ্যমে এসেছে।

একই সময়ে গমের চাহিদা ছিল ৮২ লাখ টন,বিপরীতে সরবরাহ ছিল ৮৩ লাখ ৬৭ হাজার টন। এর মধ্যে দেশীয় উৎপাদন ১০ লাখ ২৯ হাজার টন এবং আমদানি ৭৩ লাখ ৩৮ হাজার টন।

খাদ্যমন্ত্রী বলেন,২০২৬-২৭ অর্থবছরে দেশে চালের চাহিদা প্রায় ৪ কোটি ২৬ লাখ টন এবং গমের চাহিদা ৮৩ লাখ টন হতে পারে। চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিত ও বাজারে দাম স্থিতিশীল রাখতে সরকার ও বেসরকারি খাত চাল ও গম আমদানি করে থাকে।

সেপ্টেম্বর ৬ , ২০২৬
এ জি