Home / সারাদেশ / লিগ্যাল এইডে এডিআর-এ নিষ্পত্তি হওয়া মামলায় উপকারভোগীর সংখ্যা ৫ লাখ
নিষ্পত্তি হওয়া

লিগ্যাল এইডে এডিআর-এ নিষ্পত্তি হওয়া মামলায় উপকারভোগীর সংখ্যা ৫ লাখ

বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মাধ্যমে বিকল্প বিরোধ নিষ্পত্তি সেবায় (এডিআর) নিষ্পত্তি হওয়া মামলায় উপকারভোগীর সংখ্যা ৫ লাখ ২ হাজার ১৮১ জন।

বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের কার্যক্রমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনটি অধিদপ্তরের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে। এতে আরও উল্লেখ করা হয়, এ সময়ে বিকল্প বিরোধ নিষ্পত্তি সেবার (এডিআর) জন্য উদ্যোগ (প্রি ও পোস্ট-কেইস) নেয়া হয়েছে ৩ লাখ ২ হাজার ৭৪২টি মামলায়। এর মধ্যে নিষ্পত্তি হয়েছে ২ লাখ ৫৭ হাজার ২২৭টি মামলা। এডিআর-এর মাধ্যমে নিষ্পত্তিকৃত মামলা বা বিরোধে উপকারভোগী ৫ লাখ ২ হাজার ১৮১ জন।

প্রতিবেদন অনুযায়ী,সরকারি খরচে ১৬ লাখ ৬৩ হাজার ৬২০ জনকে আইনি সেবা দেয়া হয়েছে। সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগ,দেশের সব নিম্ন আদালত ও শ্রম আদালত এবং কারাগারে থাকা অসচ্ছল বন্দিরাও এ সেবার আওতায় ছিলেন।

দেশের আর্থিকভাবে অসচ্ছল ও অসমর্থ বিচারপ্রার্থীদের আইনি সহায়তা দিতে‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে সরকারি খরচে এ সেবা দেয়া হয়। আইন,বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থা এ কার্যক্রম পরিচালনা করছে।

২০ অক্টোবর, ২০২৬ (বাসস)
এ জি