Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরে ইউএনও-ওসির সঙ্গে মাদক সচেতনতা ও প্রতিরোধ ফোরামের সাক্ষাৎ
ইউএনও

হাইমচরে ইউএনও-ওসির সঙ্গে মাদক সচেতনতা ও প্রতিরোধ ফোরামের সাক্ষাৎ

চাঁদপুরের হাইমচরে মাদকের বিস্তার রোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিকভাবে মাদক প্রতিরোধে করণীয় নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ মাদক সচেতনতা ও প্রতিরোধ ফোরাম, হাইমচর শাখার নেতৃবৃন্দ।

সোমবার (৩১ আগস্ট) সকালে পৃথকভাবে হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ইউএনও মো. নজরুল ইসলাম এবং হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলমের সঙ্গে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

ফোরামের সমন্বয়কারী মোহাম্মদ ফারুকুল ইসলামের নেতৃত্বে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ফোরামের সদস্য ও উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক সর্দার আবু তাহের, বাজাপ্তী রমনীমোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ফোরাম সদস্য আবদুল মান্নান শিকদার, গন্ডামারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ফোরাম সদস্য শাখাওয়াত হোসেন, হাইমচর অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও ফোরাম সদস্য মো. বিল্লাল পাটোয়ারী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মহসিন মিয়া, দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও ফোরাম সদস্য মো. আবদুর রহমান, দৈনিক কালবেলার চাঁদপুর প্রতিনিধি শিমুল অধিকারী সুমন এবং দৈনিক ইত্তেফাকের চাঁদপুর প্রতিনিধি মো. মামুন,উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক মোঃ মাসুম বিল্লাহ ।

এ সময় আরও উপস্থিত ছিলেন ফোরামের সদস্য ও উপজেলার ব্যবসায়ী মো. ফারুকুল ইসলাম খান, সাংবাদিক মো. জাহাঙ্গীর আলম, আসিফ মহিউদ্দিনসহ ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ।

সৌজন্য সাক্ষাৎকালে হাইমচরে মাদকের বিস্তার রোধ, তরুণ ও যুবসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখা এবং মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।

এ সময় বক্তারা বলেন, শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চালিয়ে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। মাদক প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সামাজিক সংগঠনগুলোকে একযোগে কাজ করতে হবে। বিশেষ করে তরুণদের মধ্যে মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা বাড়াতে নিয়মিত প্রচার-প্রচারণা ও সামাজিক উদ্যোগ প্রয়োজন।

সাক্ষাৎকালে মাদকবিরোধী কার্যক্রমে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বাংলাদেশ মাদক সচেতনতা ও প্রতিরোধ ফোরামের পক্ষ থেকেও বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা করা হয়।

ফোরামের নেতৃবৃন্দ মাদকমুক্ত হাইমচর গড়ে তুলতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ভবিষ্যতে আরও কার্যকর কর্মসূচি বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন।

প্রতিবেদক: মোঃ আলমগীর হোসেন (আসিফ)/
৩১ আগস্ট ২০২৬