Home / উপজেলা সংবাদ / কচুয়া / পালাখাল ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী রুবেল হোসেনের গণসংযোগ
পালাখাল

পালাখাল ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী রুবেল হোসেনের গণসংযোগ

চাঁদপুরের কচুয়া উপজেলার ৪নং পালাখাল মডেল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও তরুণ সমাজসেবক মো: রুবেল হোসেন গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা জোরদার করেছেন। ইউনিয়নের আপামর জনগণের দোয়ায় সিক্ত হয়ে তিনি মাঠপর্যায়ে সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় অব্যাহত রেখেছেন। বৃহস্পতিবার বিকেলে তিনি ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও ব্যবসাকেন্দ্রে একযোগে ব্যাপক গণসংযোগ চালান।

দিনভর প্রচারণার অংশ হিসেবে তিনি দোয়াটি, বাঁচাইয়া, মেঘদাইর, দোজানা, বক্সগঞ্জ, ভুইয়ারা এবং পালাখাল বাজারসহ বেশ কয়েকটি এলাকা পরিদর্শ করেন। এ সময় তিনি স্থানীয় ব্যবসায়ী, সাধারণ পথচারী ও সর্বস্তরের মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং নিজের প্রার্থিতার কথা জানান দিয়ে দোয়া ও সমর্থন কামনা করেন। গণসংযোগকালে রুবেল হোসেন তাঁর পারিবারিক ঐতিহ্যের কথা স্মরণ করে বলেন:”আমার বাবা সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলী ও দাদা আসমত আলী সারাজীবন এই ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তাঁদের দেখানো সততা ও সেবার পথ অনুসরণ করেই আমি পালাখাল মডেল ইউনিয়নবাসীর সেবা করতে চাই।”

তিনি আরও জানান, একটি সমৃদ্ধ ও আধুনিক ইউনিয়ন গঠনে তিনি বদ্ধপরিকর। এজন্য তিনি ইউনিয়নের সর্বস্তরের নাগরিকের কাছে আন্তরিক সহযোগিতা, দোয়া ও ভালোবাসা প্রত্যাশা করেন। প্রচারণাকালে স্থানীয় প্রবীণ ব্যক্তিবর্গ, এলাকার তরুণ সমাজ এবং বিপুল সংখ্যক সমর্থক তাঁর সাথে উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
৩০ জুলাই ২০২৬