Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিকের মৃত্যুতে হাজীগঞ্জে শোকের ছায়া
পুলিশ সুপার

অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিকের মৃত্যুতে হাজীগঞ্জে শোকের ছায়া

কুমিল্লা জেলা সদরের অতিরিক্ত পুলিশ সুপার হাজীগঞ্জের কৃতি সন্তান সাইফুল মালিক (৪৫) আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন। তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন কুমিল্লা জেলা পুলিশ ও হাজীগঞ্জবাসী।

২৩ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টার দিকে ঢাকা এভারকেয়ার হাসপাতালে চিকিৎসারত অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।

অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বড়কূল পশ্চিম ইউনিয়নের নাটেহারা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল কালামের ছেলে। ১৯৮১ সালে জন্ম নেওয়া সাইফুল মালিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ২৮তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ২০০৫ সালে তিনি প্রাণিবিদ্যায় স্নাতকোত্তর সম্পন্ন করেন। ২০১৬ সালে বাংলাদেশ পুলিশে ৩৪তম বিসিএস ক্যাডারের কর্মকর্তা হিসেবে যোগদান করেন।

মরহুম তাঁর সহধর্মিণী, দুই সন্তান, আত্মীয়-স্বজন, সহকর্মী এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর অকাল প্রয়াণে কুমিল্লা জেলা পুলিশ গভীরভাবে শোকাহত।

মরহুমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।

মো. আনিসুজ্জামান বলেন, কর্মজীবনে সাইফুল মালেক একজন সৎ, বিনয়ী, মৃদুভাষী ও দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে সহকর্মী এবং সাধারণ মানুষের কাছে সমাদৃত ছিলেন।

মরহুমের মৃত্যুর খবরে কুমিল্লা জেলা পুলিশের ওয়েবসাইট ও হাজীগঞ্জের একাধিক মানুষ ফেইসবুকে লিখেছেন,আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করুন।

এদিকে মরহুমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার গ্রামসহ উপজেলার মানুষ গভীর শ্রদ্ধার সাথে তার কর্মকে স্মরণ করে শোক প্রকাশ করেন।

প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়/
২৩ জুলাই ২০২৬