বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ১নং সহ-সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া বলেছেন, “আমার নেত্রী খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করেছি, সারাজীবন সেই আদর্শ নিয়েই রাজনীতি করে যাব। প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ ভাবনা বাস্তবায়নে কাজ করছি এবং ভবিষ্যতেও করে যাব।”
টুর্নামেন্টকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সুন্দর, সুশৃঙ্খল ও প্রাণবন্ত এ ক্রীড়া আয়োজনের জন্য আয়োজক কমিটির সকল পর্যায়ের নেতাকর্মীদের ধন্যবাদ ও অভিনন্দন জানাই।
তিনি বলেন, তরুণদের ইতিবাচক কর্মকান্ডে সম্পৃক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধি এবং মেধাবী খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
শনিবার (৪ জুলাই) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ছেংগারচর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ডাবল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর প্রথম সেমিফাইনাল খেলায় হানিরপাড় স্পোটিং ক্লাব বনাম আজহারুল হক স্মৃতি সংসদ এর খেলা উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
জিয়াউর রহমান জিয়া আরও বলেন, খেলাধুলার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে ইতিবাচকভাবে উপস্থাপন করা এবং বৈশ্বিক দরবারে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করা সময়ের দাবি। সরকার তৃণমূল পর্যায় থেকে আন্তর্জাতিক অঙ্গন পর্যন্ত ক্রীড়াঙ্গনের প্রসার ও খেলোয়াড়দের উন্নয়নে বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে।
তিনি আরও বলেন, দেশের খেলাধুলা ও ফুটবলকে পেশাদার রূপ দিতে এবং নতুন প্রতিভা অন্বেষণের জন্য বর্তমান সরকার বদ্ধপরিকর। সরকার সারা দেশে তৃণমূল পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায়ে ফুটবলসহ অন্যান্য খেলাধুলার মানোন্নয়নে বিভিন্ন সুনির্দিষ্ট পদক্ষেপ বাস্তবায়ন করছে।
জিয়াউর রহমান জিয়া বলেন, ক্রিকেট ইতিমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে একটি শক্তিশালী ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করেছে। পাশাপাশি ফুটবল, আর্চারি, শুটিং, হকি এবং অন্যান্য খেলাধুলার বিকাশের মাধ্যমে বিশ্বের কাছে বাংলাদেশকে আরও বহুমাত্রিকভাবে তুলে ধরার সুযোগ রয়েছে। আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ, পেশাদারিত্ব এবং আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে তরুণ প্রজন্ম বিশ্বমঞ্চে লাল-সবুজের পতাকার প্রতিনিধিত্ব করার অনন্য নজির স্থাপন করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করছে।
প্রথম সেমিফাইনালের উদ্বোধন করেন চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক।
মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু, মতলব উত্তর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহম্মদ সোহেল, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান সাগর, শরীফ মাহমুদ লিটন পাটোয়ারী, মুরাদ বেপারী, ছেংগারচর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশেফ মাহমুদ সংগ্রাম, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মালেক মোল্লা, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মৃধা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, পৌর যুবদলের সদস্য সচিব আশরাফুল আলম সরকার, বাদল সিকদার, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি রাজিব, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল খান ও সদস্য সচিব ফরহাদ হোসেন।
সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ডাবল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর প্রথম সেমিফাইনালে হানিরপাড় স্পোটিং ক্লাব ১-০ গোলের ব্যবধানে এখলাছপুর আজহারুল হক স্মৃতি সংসদকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে। টুর্নামেন্টের পরিচালনা করেন- ক্রীড়াবিদ মহিবুল্লাহ বেপারী, আক্তার ও মির্জা মন্টি।
নিজস্ব প্রতিবেদক/ ৪ জুলাই ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur