দেশের সামগ্রিক উন্নয়ন, জনস্বার্থ এবং সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক। সোমবার (৯ নভেম্বর) দুপুরে বঙ্গভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে পারস্পরিক কুশল বিনিময় হয়। অত্যন্ত হৃদ্যতাপূর্ণ ও সৌহার্দ্যময় পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট, সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং জনস্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে মতবিনিময় হয়।
বৈঠক শেষে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক জানান, রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিলো দেশের সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণ। বিশেষ করে সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন, জনস্বার্থ রক্ষা এবং সমসাময়িক গুরুত্বপূর্ণ জাতীয় বিষয়গুলো নিয়ে অত্যন্ত সুন্দর পরিবেশে কথা হয়েছে।
মতবিনিময়কালে দেশের অগ্রযাত্রাকে আরও বেগবান করতে এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখতে মহামান্য রাষ্ট্রপতি প্রয়োজনীয় দিকনির্দেশনা ও গুরুত্বারোপ করেন।
স্টাফ রিপোর্টার/
৯ নভেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur