বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের আসন্ন নির্বাচনে শিবা শানু–জয় চৌধুরী পরিষদ থেকে সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চিত্রনায়ক ডি এ তায়েব। আগামী ৩ জুলাই অনুষ্ঠিতব্য নির্বাচনে তিনি সকল ভোটারের সমর্থন, দোয়া ও ভালোবাসা কামনা করেছেন।
তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪–২০২৬ মেয়াদের নির্বাচনে সর্বোচ্চ ভোটে বিজয়ী হয়ে শিল্পীদের ব্যাপক আস্থা, ভালোবাসা ও সমর্থনের প্রতিফলন ঘটিয়েছিলেন। ডিএ তায়েব দীর্ঘদিন ধরে চলচ্চিত্রাঙ্গনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। তিনি শিকড় বাংলাদেশের সফল মহাসচিব, ডি এ তায়েব ফাউন্ডেশন, সুপারস্টার ও সুপার হিরো ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের চেয়ারম্যান, সুফিয়া গণি ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। সমাজসেবা ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার কারণে অনেকেই তাকে একজন মানবিক ব্যক্তিত্ব হিসেবে মূল্যায়ন করেন।
শিল্পীদের স্বার্থ রক্ষা, পারস্পরিক সম্প্রীতি বজায় রাখা এবং চলচ্চিত্র শিল্পের সার্বিক উন্নয়নের প্রত্যয় নিয়ে তিনি এবার শিবা শানু–জয় চৌধুরী পরিষদের প্যানেল থেকে সহ-সভাপতি পদে নির্বাচন করছেন। তিনি বিশ্বাস করেন, শিল্পীদের ঐক্য ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করা সম্ভব।
ডিএ তায়েব বলেন, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি আমাদের সবার প্রাণের সংগঠন। আমি সবসময় বিশ্বাস করি, শিল্পীদের ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। নির্বাচিত হলে শিল্পীদের ন্যায্য অধিকার, কল্যাণ, পারস্পরিক সম্প্রীতি এবং চলচ্চিত্র শিল্পের উন্নয়নে আন্তরিকতার সঙ্গে কাজ করব। বিভেদ নয়, ঐক্যই হবে আমাদের এগিয়ে যাওয়ার পথ।
তিনি আরও বলেন, “শিবা শানু–জয় চৌধুরী পরিষদের প্রতি শিল্পীদের যে আস্থা রয়েছে, সেই আস্থার মর্যাদা রক্ষা করতে চাই। আমি অতীতেও শিল্পীদের পাশে থাকার চেষ্টা করেছি, ভবিষ্যতেও সেই ধারা অব্যাহত থাকবে। আগামী ৩ জুলাই আমাকে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দেওয়ার জন্য আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সকল সম্মানিত ভোটারের আন্তরিক সমর্থন, দোয়া ও ভালোবাসা কামনা করছি। আপনাদের বিশ্বাসই হবে আমার কাজের সবচেয়ে বড় অনুপ্রেরণা।
তিনি আশা প্রকাশ করেন, শিল্পীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও গতিশীল সংগঠন হিসেবে এগিয়ে যাবে।
প্রতিবেদক: সাইদ হোসেন অপু চৌধুরী,
৩০ জুন ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur