ব্যাংককে আন্তর্জাতিক চিত্র প্রদর্শনীতে চাঁদপুর চারুকলা একাডেমির ১২ জন শিক্ষার্থীর অংশগ্রহন করেছে। গত ১৫ সেপ্টেম্বর সকালে আনন্দঘন পরিবেশে ব্যাংককের লাত ক্রাবাং এলাকায় এ আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
জানা যায়, বাংলাদেশের বিভিন্ন প্রান্তের চারুকলা শিক্ষকদের সমন্বয়ে এবং তাদের শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তর্জাতিক শিল্প প্রদর্শনী আয়োজন করে আসছে ঐতিহ্যবাহী শিল্প ও সংস্কৃতিবিষয়ক সংগঠন ‘নর্থ ক্যানভাস বাংলাদেশ’। এরই ধারাবাহিকতায় এবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী।
গত ১৫ সেপ্টেম্বর সকালে আনন্দঘন পরিবেশে ব্যাংককের লাত ক্রাবাং এলাকায় এ আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন থাইল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব মিস সোনিয়া মুন্নি এবং ব্যাংককের লাত ক্রাবাং জেলার সহযোগী পরিচালক। প্রদর্শনীতে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের চারুকলা শিক্ষার্থী ও তরুণ শিল্পীদের আঁকা চিত্রকর্ম স্থান পায়।
আন্তর্জাতিক এ আয়োজনে চাঁদপুর চারুকলা একাডেমির শিক্ষার্থীরাও অংশগ্রহণের সুযোগ পেয়েছে। এতে একাডেমির নাফিসা ইসলাম, সাদিয়া ইসলাম, মুনতাহা ইসলাম, পৃথিরাজ পাল, অবনিশ জাগরী, মোমেনা ফাইরোজ নুহা, নূরুল ইসলাম ইভান, নূর নাহার আক্তার নুহা, প্রতীক পাল, তিথি দে, অথৈ রক্ষিত ও অরিন চন্দ্র দে তাদের শিল্পকর্ম নিয়ে অংশগ্রহণ করেছেন।
চাঁদপুরের এসব তরুণ শিল্পীর আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশগ্রহণ স্থানীয় চারুশিল্পচর্চায় নতুন মাত্রা যোগ করেছে। দেশের বাইরে নিজেদের সৃজনশীল কাজ প্রদর্শনের মাধ্যমে তারা বাংলাদেশের শিল্প-সংস্কৃতি ও তরুণ প্রজন্মের শিল্পচর্চাকে তুলে ধরার সুযোগ পেয়েছে।
চাঁদপুর চারুকলা একাডেমির এ অংশগ্রহণের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন একাডেমির অধ্যক্ষ ও চিত্রশিল্পী অজিত দত্ত। তাঁর নির্দেশনা ও তত্ত্বাবধানে শিক্ষার্থীরা এ আন্তর্জাতিক আয়োজনে অংশগ্রহণ করে।
জানা গেছে, আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হবে আগামী ১২ অক্টোবর ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে।
প্রতিবেদক: কবির হোসেনি মিজি/
১ অক্টোবর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur