২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মন্ত্রণালয় ও বিভাগভিত্তিক মোট বরাদ্দ নির্ধারণ করা হয়েছে ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ পেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, আর সবচেয়ে কম বরাদ্দ দেওয়া হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ বরাদ্দ প্রস্তাব তুলে ধরেন।
প্রস্তাবিত বাজেট অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৫৭ হাজার ৩০২ কোটি টাকা। এছাড়া স্বাস্থ্যসেবা বিভাগে ৪৯ হাজার ৩৮৭ কোটি টাকা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য ৪৬ হাজার ৭৩৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
অন্যান্য বড় বরাদ্দের মধ্যে রয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ৪২ হাজার ৪৯৭ কোটি টাকা, স্থানীয় সরকার বিভাগে ৪০ হাজার ২৪৬ কোটি টাকা, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে ৩৬ হাজার ৯১৮ কোটি টাকা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ৩১ হাজার ৯৯ কোটি টাকা।
এ ছাড়া সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জন্য ৩০ হাজার ৪৪৩ কোটি টাকা, কৃষি মন্ত্রণালয়ের জন্য ২৭ হাজার ৮৮১ কোটি টাকা, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে ১৮ হাজার ৪৫৭ কোটি টাকা এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে ১৮ হাজার ১১৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
বাজেটে আরও দেখা যায়, বিদ্যুৎ বিভাগে ১৪ হাজার ৯৯৬ কোটি টাকা, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে ১৩ হাজার ৪৬৬ কোটি টাকা, পানিসম্পদ মন্ত্রণালয়ে ১০ হাজার ৫৩৩ কোটি টাকা এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে ১০ হাজার ৩৫০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে।
নতুন অর্থবছরের মোট বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। তুলনামূলকভাবে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটের ব্যয় ছিল ৭ লাখ ৮৮ হাজার কোটি টাকা।
রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। অন্যদিকে পরিচালন ব্যয় নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৫ হাজার ৭৪০ কোটি টাকা, যা চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের ৫ লাখ ৬৭ হাজার ৫৩৮ কোটি টাকার তুলনায় বেশি।
অবকাঠামো উন্নয়ন ও চলমান প্রকল্প বাস্তবায়নের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচিসহ মোট উন্নয়ন ব্যয় প্রস্তাব করা হয়েছে ৩ লাখ ১৬ হাজার ৭৫ কোটি টাকা।
এ জি
১২ জুন ২০২৬
এ জি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur