সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির স্বামী তওফীক নাওয়াজ মারাত্মক অসুস্থ হওয়ায় মানবিক বিবেচনায় মায়ের সাতদিনের প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করেছেন তার মেয়ে তানি দীপাভলী নাওয়াজ। বুধবার (২৭ মে) মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ‘ডিসি’ বরাবর এই আবেদনটি দাখিল করা হয়।
মুন্সীগঞ্জ জেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সিদ্দিক আবেদন পাওয়ার তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, সাবেক মন্ত্রী ডা. দীপু মনির প্যারোলে মুক্তির একটি আবেদন তারা হাতে পেয়েছেন এবং বর্তমানে আবেদনটি যাচাই-বাছাইয়ের জন্য প্রক্রিয়াধীন রয়েছে।
ডা. দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জানান, দীপু মনি বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি আছেন। অন্য দিকে তার স্বামী বর্তমানে তীব্র শারীরিক সংকটপূর্ণ অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই উদ্ভূত পরিস্থিতিতে স্বামীর পাশে থাকা ও তার সেবা করার জন্য দীপু মনির মেয়ে এই সাতদিনের প্যারোলে মুক্তির আবেদনটি করেছেন।
দাখিলকৃত আবেদনে উল্লেখ করা হয়েছে, ডা. দীপু মনি ২০২৪ সালের ২০ আগস্ট মোহাম্মদপুর থানার একটি মামলায় প্রথম গ্রেফতার হন। পরবর্তীতে আরও ৩৭টি মামলায় তাকে পুনরায় গ্রেফতার দেখানো হয় এবং বর্তমানে তিনি মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি আছেন। তিনি এই তদন্তাধীন মামলাগুলোর একজন অন্যতম আসামি এবং প্রায় ২১ মাস ধরে কারাগারে বন্দি জীবন কাটাচ্ছেন।
আবেদনে দীপু মনির স্বামীর শারীরিক অবস্থার বিবরণ দিয়ে বলা হয়, তওফীক নাওয়াজ বর্তমানে ক্যান্সার, লিভারের জটিলতা ও ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের সিসিইউ বিভাগে চিকিৎসাধীন। গত মঙ্গলবার তাকে রক্ত দেওয়ার পর হঠাৎ করে তার শারীরিক অবস্থা চরম আশঙ্কাজনক রূপ নেয়।
তানি দীপাভলী নাওয়াজ আবেদনে আরও উল্লেখ করেন, দীর্ঘ ২১ মাস কারাগারে থাকায় তার মা অসুস্থ স্বামীর পাশে থাকতে পারেননি। বর্তমানে এই চরম সংকটাপন্ন মুহূর্তে বাবার পাশে থাকা এবং প্রয়োজনীয় চিকিৎসা তদারকির জন্য মায়ের উপস্থিতি অত্যন্ত জরুরি। মানবিক কারণে এই চরম বিপর্যয়ের মুহূর্তে অসুস্থ স্বামীর জীবন রক্ষার চেষ্টা করা এবং পরিস্থিতির আরও অবনতি ঘটলে শেষ মুহূর্তে পাশে থাকার জন্য ডা. দীপু মনিকে সাতদিনের জন্য প্যারোলে মুক্তি দেওয়ার আকুল প্রার্থনা করা হয়েছে। (সূত্র: সময়ের আলো)
চাঁদপুর টাইমস ডেস্ক/ ২৭ মে ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur