অ্যালবিনো জাতের ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে শেষ পর্যন্ত কোরবানি দেওয়া হচ্ছে না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের হস্তক্ষেপে মহিষটি ক্রেতার কাছ থেকে ফিরিয়ে এনে আবার নারায়ণগঞ্জের খামারে রাখা হয়েছে।
বুধবার (২৭ মে) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ একটি বেসরকারি টেলিভিশনকে এ তথ্য জানান।
মন্ত্রী জানিয়েছেন, মহিষটিকে ঘিরে অতিরিক্ত জনসমাগম ও সম্ভাব্য বিশৃঙ্খলার আশঙ্কা থাকায় কেরানীগঞ্জের ক্রেতাকে টাকা ফেরত দিয়ে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। আপাতত ‘ডোনাল্ড ট্রাম্প’কে আগের মতোই খামারে লালন-পালন করা হবে।
নারায়ণগঞ্জের পাইকপাড়ার রাবেয়া এগ্রো ফার্মে লালন-পালন করা ৭০০ কেজি ওজনের এই অ্যালবিনো মহিষটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় আসে। এর সাদা লোম ও চুলের স্টাইল অনেকের কাছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো মনে হওয়ায় নাম রাখা হয় ‘ডোনাল্ড ট্রাম্প’।
ভাইরাল হওয়ার পর দূর-দূরান্ত থেকে মানুষ মহিষটি দেখতে খামারে ভিড় করেন। দেশীয় গণমাধ্যমের পাশাপাশি এএফপি থেকে রয়টার্সের মতো আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও এটি নিয়ে প্রতিবেদন প্রকাশ হয়। তথ্য সূত্র: যমুনা টেলিভিশন
চাঁদপুর টাইমস ডেস্ক/ ২৭ মে ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur