Home / সারাদেশ / দেশে এবার ২২ লাখ ২৭ হাজার ৫শ ৬টি কোরবানির পশু উদ্বৃত্ত থাকবে : প্রাণিসম্পদমন্ত্রী
cow

দেশে এবার ২২ লাখ ২৭ হাজার ৫শ ৬টি কোরবানির পশু উদ্বৃত্ত থাকবে : প্রাণিসম্পদমন্ত্রী

দেশে এবার কোরবানিযোগ্য পশু ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার ৮ শ ৪০টি। সম্ভাব্য চাহিদা নির্ধারণ করা হয়েছে ১ কোটি ১ লাখ ৬ হাজার ৩ শ ৩৪টি। সেই হিসেবে এ বছর দেশে ২২ লাখ ২৭ হাজার ৫শ ৬টি পশু উদ্বৃত্ত থাকবে।

রবিবার ( ৩ মে ) সচিবালয়ে আসন্ন ঈদুল আজহা উদযাপন উপলক্ষে কোরবানির পশুর চাহিদা নিরূপণ, সরবরাহ এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে কোরবানির পশুর অবাধ চলাচল ও পরিবহন নিশ্চিত নিয়ে সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এ তথ্য জানান।

তিনি জানান, প্রাণিসম্পদ অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ বছর দেশে কোরবানিযোগ্য গবাদিপশুর মোট প্রাপ্যতা আশা করা যাচ্ছে ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার ৮ শ ৪০টি। এর মধ্যে গরু ও মহিষ ৫৬ লাখ ৯৫ হাজার ৮ শ ৭৮টি এবং ছাগল ও ভেড়া ৬৬ লাখ ৩২ হাজার ৩ শ ৭টি। অন্যান্য প্রজাতির পশু, যেমন: উট, দুম্বা ইত্যাদি ৫ হাজার ৬ শ ৫৫টি।

অন্যদিকে, বিভাগীয় পর্যায়ের তথ্য অনুসারে, কোরবানিযোগ্য গবাদি পশুর সর্বোচ্চ সম্ভাব্য চাহিদা নির্ধারণ করা হয়েছে ১ কোটি ১ লাখ ৬ হাজার ৩ শ ৩৪টি। সেই হিসেবে এ বছর দেশে ২২ লাখ ২৭ হাজার ৫ শ ৬টি পশু উদ্বৃত্ত থাকবে বলেও জানান মন্ত্রী।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত পবিত্র ঈদুল আজহায় কোরবানিযোগ্য গবাদিপশুর মোট প্রাপ্যতা ছিল ১ কোটি ২৪ লাখ ৪৭ হাজার ৩ শ ৩৭টি। সে সময় প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, প্রায় ২০ লাখ ৬৮ হাজারের বেশি গবাদিপশু উদ্বৃত্ত থাকতে পারে। তবে বাস্তব চিত্রে দেখা যায়, বিগত বছরে জবাই করা গবাদিপশুর সংখ্যা ছিল ৯১ লাখ ৩৬ হাজার ৭ শ ৩৪ টি। হিসাব অনুযায়ী, ৩৩ লাখ ১০ হাজার ৬ শ ৩টি গবাদিপশু উদ্বৃত্ত থেকে যায়।

সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, সচিব মো. দেলোয়ার হোসেন, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান উপস্থিত ছিলেন।

৬ মে ২০২৬

এ জি