চাঁদপুরের কচুয়া উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে ট্রাস্ট টাস্কফোর্স। বুধবার (৫ মে) সকালে পরিচালিত এই অভিযানে মাদকদ্রব্যসহ মোট ৬ জনকে আটক করা হয়। আটককৃতরা দুটি পৃথক পরিবারের সদস্য বলে জানিয়েছে প্রশাসন।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা।
তিনি জানান, আদালতের রায়ে আটক ৫ জনের মধ্যে ৩ জনকে ১ বছর করে এবং ২ জনকে ২ বছর করে কারাদণ্ড প্রদান করা হয়। অপর একজনের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আটককৃতরা হলেন, উপজেলার সাতবাড়িয়া গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের একই পরিবারের তিন সদস্য- শরীফ হোসেন (৩০), আরিফ হোসেন ও মীর হোসেন (৬০)। এ সময় তাদের কাছ থেকে ২২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
একই অভিযানে সাতবাড়িয়া চৌকিদার বাড়ি এলাকায় আরেকটি পরিবারের সদস্য মো. আলমগীর (৪৬) এবং তার স্ত্রী শিউলি বেগম (৪০) কে আটক করা হয়। তাদের কাছ থেকে ১২০ পিস ইয়াবা এবং ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
প্রশাসন জানায়, মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার করা হবে। স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রতিদবেদক: শরীফুল ইসলাম/ ৫ মে ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur