Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়া মাঝিগাছা গ্রামে প্রবাসীর বাড়িতে হামলা-ভাঙচুর অভিযোগ
প্রবাসীর

কচুয়া মাঝিগাছা গ্রামে প্রবাসীর বাড়িতে হামলা-ভাঙচুর অভিযোগ

চাঁদপুরের কচুয়া উপজেলার মাঝিগাছা পশ্চিমপাড়া পাটওয়ারী বাড়িতে জমিসংক্রান্ত পূর্ববিরোধের জেরে প্রবাসীর বাড়ির সীমানার টিনের বেড়া ও ভবনের জ্বানালা কুপিয়ে ব্যাপক ভাংচুরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে প্রকাশ্য দিবালোকে এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে।

এতে বাড়ির বিল্ডিং এর বিভিন্ন অংশ ও ঘরের সামনের উত্তর অংশে টিনের সীমানার বেড়ার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করেছেন বাড়ির মালিক শামসুল হক পাটোয়ারী ও তার প্রবাসী ছেলেরা। ক্ষতিগ্রস্ত শামসুল হক পাটোয়ারীর অভিযোগ, জমিসংক্রান্ত পূর্ববিরোধকে কেন্দ্র করে হুমায়ুন কবির পাটোয়ারীর নেতৃত্বে মনজুর পাটোয়ারী, সামিয়া আক্তারসহ ১০ থেকে ১৫ জনের একটি দল তাঁর বাড়িতে হামলা চালায়। এ সময় তাঁরা বাড়ির সামনের সীমানার টিনের বেড়া এবং ভবনের পেছনের জানালা কুপিয়ে ভাঙচুর করেন। পাশাপাশি তাঁকে হুমকি-ধমকি দিয়ে বাড়িঘরের ব্যাপক ক্ষতিসাধন করা হয় বলে তিনি দাবি করেন।

শামসুল হক পাটোয়ারী আরো জানান, রাস্তা-সংলগ্ন ওই বাড়িতে প্রায় ৩০ বছর ধরে ঘরবাড়ি নির্মাণ করে শান্তিপূর্ণভাবে বসবাস ও ভোগদখল করে আসছেন তিনি। কিন্তু পূর্বের জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন প্রভাব খাটিয়ে তাঁর বাড়িতে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি। তিনি আরও অভিযোগ করেন, বৃহস্পতিবার দুপুরে প্রকাশ্যে দলবদ্ধভাবে এসে হামলাকারীরা তাঁর বাড়ির সীমানার বেড়া ও ভবনের জানালা ভাঙচুর করে। এ সময় তাঁকে হুমকি-ধমকি দেওয়া হয়। আকস্মিক এ ঘটনায় বাড়ির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তিনি আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে জানান।

এ বিষয়ে অভিযুক্ত হুমায়ুন কবির পাটোয়ারী গংদের তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি। প্রকাশ্য দিবালোকে বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগের ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারসহ এলাকাবাসী ।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু/
৯ অক্টোবর ২০২৬