চাঁদপুরের ফরিদগঞ্জে পারিবারিক কলহের জেরে পলি আক্তার (২২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের দেওয়ান বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত পলি আক্তার একই ইউনিয়নের লোকমান দেওয়ানের মেয়ে। প্রায় দুই বছর আগে পার্শ্ববর্তী গ্রামের রাসেল আহমদের সঙ্গে তার বিয়ে হয়।
স্থানীয় বাসিন্দা ও পারিবারিক সূত্রে জানা যায়, দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এর জেরে কয়েকদিন আগে পলি বাবার বাড়িতে চলে আসেন। বুধবার সন্ধ্যায় অভিমান ও মানসিক চাপের একপর্যায়ে নিজ ঘরের টিনের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়।
খবর পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশের এসআই আবু তাহের সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গৃহবধূর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রতিবেদক: শিমুল হাছান, ৩০ এপ্রিল ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur