চাঁদপুরের ফরিদগঞ্জে ঐতিহ্যবাহী ‘ওনূআ’ ভাস্কর্য পুনঃস্থাপনের জোরালো দাবিতে দিনব্যাপী গণসংযোগ ও প্রচারপত্র (লিফলেট) বিলি কর্মসূচি পালিত হয়েছে।
১ নভেম্বর রবিবার সকাল থেকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ফরিদগঞ্জ পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ওনূআ স্মৃতিসংসদের উদ্যোগে এই ব্যাপক গণসংযোগ চালানো হয়।
কর্মসূচিতে মূলত দুই ধরনের বিশেষ প্রচারপত্র বিলি করা হয়। এর মধ্যে একটি প্রচারপত্রে বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে অবস্থিত দৃষ্টিনন্দন ভাস্কর্যের ছবি ও তথ্য তুলে ধরা হয়। অন্য প্রচারপত্রটিতে ফরিদগঞ্জের তিন প্রখ্যাত কৃতী সন্তান-ওলীউল্লাহ নওজোয়ান, নূরেজ্জামান ভূঁইয়া ও আইয়্যুব আলী খানের (যাঁদের নামের আদ্যক্ষর নিয়ে ‘ওনূআ’ গঠিত) সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত এবং তাঁদের অবদান তুলে ধরা হয়।
দিনব্যাপী এই কর্মসূচিতে ওনূআ স্মৃতিসংসদের সভাপতি প্রাক্তন অধ্যক্ষ জহিরুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন দুলালের নেতৃত্বে একটি প্রতিনিধিদল অংশগ্রহণ করে। ওনূআ স্মৃতি পাঠাগার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে লিফলেট বিতরণ কার্যক্রমটি শহীদ আবুতাহের সড়ক, উপজেলা পরিষদ এলাকা, দলিল লেখক অফিস, পৌরসভার বিভিন্ন পয়েন্ট এবং ফরিদগঞ্জ এআর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে পরিচালনা করা হয়।
প্রচারপত্র বিলিকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নূরেজ্জামান ভূঁইয়ার সুপুত্র কবি ও সাহিত্যিক কামরুজ্জামান ভূঁইয়া, আইয়্যুব আলী খানের দৌহিত্র মাসুদ খান বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ, সাবেক শিক্ষক হৃতেশ শর্মা, মোশাররফ হোসেন বাবলু, মমতাজ উদ্দীন সরকার এবং ওনূআ স্মৃতি পাঠাগার পরিচালনা কমিটির সদস্য রহিমা আক্তার কলি।
গণসংযোগকালে ওনূআ স্মৃতিসংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক এই ভাস্কর্যটি পুনঃস্থাপনের ন্যায়সংগত লড়াইকে আরও বেগবান করার জন্য আগামীকালের নির্ধারিত কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে ফরিদগঞ্জের সর্বস্তরের পৌরবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।
ফরিদগঞ্জ প্রতিনিধি/
১ নভেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur