চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় গভীর রাতে একটি শিক্ষা প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের তাণ্ডবের ঘটনা ঘটেছে। উপজেলার দক্ষিণ ইউনিয়নের মদিনা বাজার এলাকায় অবস্থিত ‘আল-মদিনা একাডেমি’তে এই ভাঙচুর চালানো হয়।
রোববার (২৬ এপ্রিল ২০২৬) রাতের কোনো এক সময়ে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, সোমবার (২৭ এপ্রিল) সকালে শিক্ষক ও শিক্ষার্থীরা বিদ্যালয়ে এসে ভাঙচুরের চিত্র দেখে হতবাক হয়ে পড়েন। শ্রেণিকক্ষের টেবিল-চেয়ার, বেঞ্চ এবং ডাস্টবিন ভাঙচুর করে ভিতরে-বাইরে ছড়িয়ে-ছিটিয়ে রাখা হয়েছে। কিছু ডাস্টবিন সম্পূর্ণভাবে উধাও রয়েছে।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. সেলিম হোসেন জানান, “রোববার সকালে এসে দেখি কয়েকটি ডাস্টবিন ভাঙা এবং কিছু নিখোঁজ। বিষয়টি গুরুত্ব দিয়ে আমরা বিকল্প গেইটটি বন্ধ করে দেই। কিন্তু পরদিন সকালে এসে দেখি দুর্বৃত্তরা আরও ব্যাপক ভাঙচুর চালিয়েছে। শ্রেণিকক্ষের আসবাবপত্র নষ্ট করে ফেলে রাখা হয়েছে। এতে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”
এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কয়েকজন শিক্ষার্থী জানায়, বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে কিছু লোকজনকে প্রতিষ্ঠান নিয়ে বিরূপ মন্তব্য করতে শোনা গেছে। এসব ঘটনার সঙ্গে সেই মন্তব্যকারীদের কোনো সম্পৃক্ততা আছে কিনা, তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে।
প্রতিষ্ঠানের সভাপতি শরিফ মজুমদার বলেন, “গত ১৩ বছর ধরে মদিনা বাজার এলাকায় সুনামের সঙ্গে প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। বর্তমানে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী এখানে নিয়মিত পড়াশোনা করছে। হঠাৎ এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা আমাদের হতবাক করেছে। কারা বা কেন এমনটি করেছে, তা এখনো জানা যায়নি। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়েছি এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছি।”
স্থানীয়রা মনে করছেন, পূর্ব শত্রুতা কিংবা কোনো স্বার্থান্বেষী মহলের ইন্ধনে এ ধরনের ঘটনা ঘটতে পারে। দ্রুত তদন্ত করে জড়িতদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
ফরিদগঞ্জ প্রতিনিধি/
২৭ এপ্রিল ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur