Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, আহত ৩

কচুয়ায় ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, আহত ৩

চাঁদপুরের কচুয়ায় হঠাৎ কালবৈশাখী ঝড়ে গাছ উপড়ে পড়ে ঘরবাড়ি বিধ্বস্ত, ফসলের ব্যাপক ক্ষতি ও বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে ব্যাপক ক্ষতি স্বাধন হয়েছে। রবিবার সন্ধ্যায় হঠাৎ দমকা হাওয়ার সঙ্গে বজ্রপাতসহ এই কালবৈশাখী শুরু হয়। প্রায় এক ঘণ্টা ধরে চলে ঝড়ের তান্ডব। ঝড়ের তীব্রতা কিছুটা কমলেও পরবর্তী সময়ে দফায় দফায় বজ্রসহ বৃষ্টি হতে থাকে।

আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এছাড়া কচুয়ার সাচার গ্রামে আইনুর বেগম, তার পুত্রবধু নাজমিন আক্তার ও প্রতিবন্ধি মেয়ে ময়না আক্তার পার্শবর্তী ভবনের ইট পরে গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে আইনুর বেগম ও নাজমিন আক্তার বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় ঝড়ের প্রভাবে বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষকদের ভুট্টা, ইরি ধানসহ বিভিন্ন মৌসুমি ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ঝড়ের কারণে অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।


স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যায় হঠাৎ তীব্র ঝড় শুরু হওয়ায় অনেকেই প্রাণভয়ে ঘরের ভেতর আতঙ্কে সময় কাটিয়েছেন। ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র জানতে ইতিমধ্যে কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন। শেষ খবর পাওয়া পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলমান রয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা দেয়া হবে।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৭ এপ্রিল ২০২৬