চাঁদপুরের হাইমচর উপজেলায় উৎসবমুখর পরিবেশে ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)-২০২৬’ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০:৩০ ঘটিকায় উপজেলা মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে এ টুর্নামেন্টের পর্দা ওঠে।
উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। এই মাঠ থেকেই আগামী দিনের দেশসেরা ফুটবলার তৈরি হবে বলে আমরা বিশ্বাস করি।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাজহারুল হুদা, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হারুনুর রশিদ গাজী, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব খোরশেদ আলম কোতোয়াল।
বক্তারা তৃণমূল পর্যায়ে খেলাধুলার পরিবেশ বজায় রাখা এবং শিশুদের পড়াশোনার পাশাপাশি মাঠে ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাইমচর প্রেসক্লাব সভাপতি মোঃ মহসিন মিয়া, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত বিপুল সংখ্যক শিক্ষক ও খুদে শিক্ষার্থীরা গ্যালারিতে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন।
টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক ও বালিকা দল পৃথকভাবে অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচকে কেন্দ্র করে পুরো উপজেলা মাঠ এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে।
হাইমচর প্রতিনিধি/ ২১ এপ্রিল ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur