চাঁদপুরের শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বরের রোগীকে কুকুরের ভ্যাকসিন প্রদান করেছে। ৮ এপ্রিল ঘটনাটি ঘটেছে চাঁদপুরের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
জানা যায়, ওই দিন কচুয়া উপজেলার আশ্রাফপুর গ্রামের এমরান হোসেন তার ৫ বছরের সন্তান আলিফাকে জ্বরের রোগী হিসেবে জরুরি বিভাগে চিকিৎসা সেবা নিতে আসেন। একই সময়ে হাসপাতালের জরুরি বিভাগে শাহরাস্তি উপজেলার আহম্মদ নগর গ্রামের রুবেল তার ১৪ বছরের সন্তান নাজমুলকে কুকুরের কামড়ের রোগী হিসেবে চিকিৎসা নিতে আসেন।
উভয় রোগীকে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিলে কর্তব্যরত ডাক্তার সাইফুল ইসলাম উভয়কে পৃথক পৃথক চিকিৎসাপত্র দেন।
জরুরি বিভাগে দায়িত্বরত উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার (সেকমো) আবু ইউসুফ কর্তব্যরত চিকিৎসকের ব্যবস্থাপত্র না দেখেই জ্বরের রোগী আলিফাকে কুকুরের ভ্যাকসিন পুস করেন। এই ঘটনা নিয়ে রোগীর অভিভাবকদের সঙ্গে বাকবিতন্ডা শুরু হলে ঘটনাটি এক কান দু’কান হলে জাতীয় ও স্থানীয় পত্রিকার একাধিক গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি অবগত হন।
এই ব্যাপারে উপ সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার আবু ইউসুফ জানান, একই সময়ে ওই দুই রোগী সেবা নিতে আসেন। ভুলবশত জ্বরে আক্রান্ত রোগীকে কুকুরের ভ্যাকসিন দেওয়া হয়েছে। তবে এতে রোগীর কোনো সমস্যা নেই। আমি অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য দুঃখ প্রকাশ করছি।
শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আকলিমা জাহান বলেন, আমি বিষয়টি অবগত হয়েছি। এ ভ্যাকসিনটি ভুলক্রমে দেওয়া হলেও রোগীর কোন সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। তারপরও দায়িত্বরত উপ সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার দায়িত্বে অবহেলা করেছে মর্মে তাকে বিধিমোতাবেক শোকজ করা হবে।
অপর দিকে ক্ষতিগ্রস্ত পরিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এ বিষয়ে অভিযোগ করেছে বলে জানা গেছে।
প্রতিবেদক: মো: জামাল হোসেন/
৮ এপ্রিল ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur