চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের সোনাইমুড়ী গ্রামে গভীর রাতে দুর্বৃত্তদের হাতে কেটে ফেলা হয়েছে এক অসহায় কৃষকের অপরিপক্ক ধানক্ষেত। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষক মো. আতিকুর রহমান মোল্লা পেশায় একজন মুয়াজ্জিন। নিজস্ব কোনো জমি না থাকায় তিনি জেঠাতো ভাই আব্দুর রাজ্জাক মোল্লার জমি বর্গা নিয়ে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করতেন। সেই জমিতেই ছিল তার পরিবারের একমাত্র ভরসা ও ভবিষ্যতের স্বপ্ন।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা তার ধানক্ষেতে প্রবেশ করে সম্পূর্ণ ক্ষেত কেটে ফেলে। অপরিপক্ক সবুজ ধানগাছগুলো জমিতেই ফেলে রেখে যায় তারা। এতে করে আতিকুর রহমানের কয়েক মাসের পরিশ্রম এক রাতেই ধ্বংস হয়ে গেছে।
রোববার (৫ এপ্রিল) সকালে জমিতে গিয়ে এমন দৃশ্য দেখে হতবাক হয়ে পড়েন আতিকুর রহমান। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “এই জমিই ছিল আমার সবকিছু। পরিবার নিয়ে কোনোভাবে বেঁচে থাকার চেষ্টা করছিলাম। কিন্তু কে বা কারা আমার এত বড় ক্ষতি করলো, বুঝতে পারছি না।”
স্থানীয় বাসিন্দারা জানান, আতিকুর রহমান একজন সৎ ও পরিশ্রমী মানুষ হিসেবে এলাকায় পরিচিত। তার সঙ্গে কারও কোনো বিরোধ আছে বলেও জানা যায়নি। এ ঘটনায় তারা দ্রুত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।
তারা বলছেন, একজন অসহায় মানুষের এমন ক্ষতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একই সঙ্গে এই ঘটনার সুষ্ঠু বিচার ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তারা।
নিজস্ব প্রতিনিধি/
৫ এপ্রিল ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur