চাঁদপুরের কচুয়ার খিলমেহের গ্রামের শিকারী বাড়িতে এক পরিবারের গৃহে আইনের লোক পরিচয় দিয়ে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার মধ্যে রাতে সংঘটিত এই ঘটনায় নগদ অর্থ, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায় মুখোশধারী ডাকাতদল।
ভুক্তভোগী স্থানীয় বিএনপি নেতা মো. হারুনুর রশিদের বাড়িতে রাতের আঁধারে ১৫-২০ জনের একটি মুখোশধারী ডাকাতদল গৃহের জানালা ভেঙ্গে প্রবেশ করে। পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেধে ঘরের আলমারি ভেঙে নগদ ৪ লাখ ৮০ হাজার টাকা, ৪টি স্বর্নেও চেইন, ১৮ ভরি রূপা এবং মূল্যবান মালামাল লুট করে নেয় বলে অভিযোগ করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত মা. হারুনুর রশিদ জানান, ডাকাতরা জানালা ভেঙে ঘরে ঢুকে সবাইকে জিম্মি করে ফেলে। পরে গৃহের জিনিসপত্র তছনছ করে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় ২৫ লক্ষ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়। ঘটনার সময় ডাকাতদলের সদস্যরা মুখোশ পরে ছিল এবং ধারালো অস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি সৃষ্টি করে।
ক্ষতিগ্রস্ত পরিবার সংশিষ্ট কর্তৃপক্ষের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে। স্থানীয়রা রাতের নিরাপত্তা জোরদার এবং টহল বৃদ্ধির দাবি জানিয়েছেন। কচুয়া থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এবং তদন্ত অনুযায়ী পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
১৫ মার্চ ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur