বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন বলেছেন, নির্বাচনে জাল ভোট দেয়ার জন্য একটি দল অধিক পরিমাণে বোরকা ও হিজাব প্রস্তুত রেখেছে। তারা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করছে। এ বিষয়ে নির্বাচন কমিশনকে পদক্ষেপ নিতে হবে।
৭ ফেব্রুয়ারি গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ড.মাহদী আমিন অভিযোগ করেন, লক্ষ্মীপুরে অবৈধ নির্বাচনি সিল তৈরির অভিযোগে আটক ব্যক্তি জামায়েত নেতার নির্দেশে ওই কাজ করেছেন বলে জবানবন্দি দেন। এতে আসন্ন নির্বাচন প্রভাবিত হওয়ার আশঙ্কা করছে বিএনপি।
তিনি বলেন, রয়টার্সসহ বিদেশি বিভিন্ন গণমাধ্যমের বিশেষ প্রতিবেদনে আগামীর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে উল্লেখ করা হয়েছে।
বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা বলেন,জাল ভোট রোধে নির্বাচন কমিশনকে পূর্ণ প্রশাসনিক সহযোগিতা দেয়া সরকারের দায়িত্ব। ভোটকেন্দ্রে বোরকা বা হিজাব পরা ভোটারদের নারী কর্মকর্তাদের মাধ্যমে সঠিকভাবে পরিচয় যাচাইয়ের জন্য নির্বাচন কমিশনের নির্দেশিকা কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে।
এ সময় বিএনপির ঘোষিত ইশতেহারের বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরেছেন তিনি। এছাড়াও আগামি ৮ ও ৯ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির বিভিন্ন সংসদীয় আসনে তারেক রহমানের নির্বাচনি জনসভার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।
তিনি তারেক রহমানসহ সব রাজনৈতিক নেতার জনসভার নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।
৭ ফেব্রুয়ারি ২০২৬
এ জি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur