চাঁদপুরের হাইমচর মহাবিদ্যালয়ে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে ১০ দিনব্যাপী কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) প্রশিক্ষণার্থী শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন আমন্ত্রিত অতিথি বক্তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে শিক্ষার্থীদের প্রশিক্ষণের গুরুত্ব, শৃঙ্খলা, দায়িত্ববোধ, নেতৃত্বের গুণাবলি এবং দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা শিক্ষার্থীদের প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা বাস্তব জীবনে কাজে লাগানোর পাশাপাশি সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে পরিচালিত এ প্রশিক্ষণের মাধ্যমে কলেজপড়ুয়া শিক্ষার্থীদের মৌলিক প্রশিক্ষণ প্রদান এবং সামাজিক ও জাতীয় দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করার কার্যক্রম অব্যাহত রয়েছে।
প্রতিবেদক: মোঃ আলমগীর হোসেন আসিফ/
৬ নভেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur